কুর্দিস্তানে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরাক
স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের কারণে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরাকের কেন্দ্রীয় সরকার।
এই নিষেধাজ্ঞা আরোপের পর কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিল থেকে শুক্রবার শেষ আন্তর্জাতিক বিমানটি ছেড়ে যায় বলে জানিয়েছে রয়টার্স।
বিশ্বশক্তিগুলোর ব্যাপক আপত্তি সত্বেও গত সপ্তাহে অনুষ্ঠিত ওই ভোটে স্বাধীনতার পক্ষে বিপুল রায় দিয়েছে ওই অঞ্চলটির বাসিন্দারা।
ইরাক এবং আশপাশের দেশগুলো শুরু থেকেই এই গণভোটের বিপক্ষে ছিল। গণভোট পুরো অঞ্চলের সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা তাদের।
রয়টার্স বলছে, ইরাকের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী বাগদাদের সরকারের দেওয়া নোটিশের কারণে বিদেশি বিমান সংস্থাগুলো শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কুর্দি স্বায়ত্তশাসিত ইরবিল ও সুলাইমানিয়ায় তাদের সব ফ্লাইট স্থগিত করে।
নিষেধাজ্ঞার কারণে শুক্রবার অন্যান্য দিনের তুলনায় ইরবিল বিমানবন্দরে লোকসমাগম বেশি ছিল, যাত্রীদের মধ্যেও ছিল শেষ মুহুর্তের তাড়া।
আন্তর্জাতিক রুটে নিষেধাজ্ঞা দিলেও অভ্যন্তরীণ বিমান চলবে; সেক্ষেত্রে কুর্দিস্তান যেতে ইচ্ছুক অন্য দেশ থেকে আসা যাত্রীদের বাগদাদ বিমানবন্দর ব্যবহার করতে হবে বলে জানিয়েছে রয়টার্স; ইরবিল ও সুলাইমানিয়া বিমানবন্দরের চাপ বাগদাদের ওপর পড়ায় সেখানে বিমানজট বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।
প্রবাসী কুর্দি ও ব্যবসায়ীদের কুর্দিস্তানে ভ্রমণ অনুৎসাহিত করতেই বাগদাদের এই নিষেধাজ্ঞা; এর ফলে উত্তর ইরাকের স্বায়ত্বশাসিত ওই অঞ্চলটির হোটেল শিল্প, যাতায়াত, আবাসনের মত অর্থনৈতিক খাতগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইরবিলভিত্তিক রুদাও টিভি বলছে, বিমান নিষেধাজ্ঞায় কুর্দিস্তানের চারশরও বেশি ভ্রমণ ও পর্যটন কোম্পানি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে; এই খাতের সঙ্গে জড়িত অন্তত সাত হাজার মানুষের চাকরি ঝুঁকিতে পড়বে।
পরে ইরাকের সরকার ইরান ও তুরস্ককে সাথে নিয়ে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানায়, যদিও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সংকটের মধ্যেই ইরাকের শীর্ষ এক শিয়া নেতা কুর্দিদের স্বাধীনতার বিরোধিতা করেছেন। গত বছরের পর দেওয়া প্রথম রাজনৈতিক খুতবায় প্রধান ধর্মীয় (শিয়া) নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি কুর্দিদের ‘সাংবিধানিক পথে ফিরে আসার’ আহ্বান জানান বলে তার হয়ে খুতবা পড়া মুখপাত্র জানান।
কুর্দি আঞ্চলিক সরকার স্বাধীনতার পথে অগ্রসর হলে স্বায়ত্তশাসিত অঞ্চলটির জনগণের ভাগ্যে অনিশ্চিত পথে চলে যেতে পারে বলেও খুতবায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তুরস্কের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক প্রতিক্রিয়ার হুমকি গণভোট বিরোধীদের পালে হাওয়া দিয়েছে বলেও জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার আঙ্কারায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা শেষে তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান বলেছেন, দুই দেশ ইরাকের আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষণের ব্যাপারে একমত।
তুরস্ক এর আগে উত্তর ইরাকের সঙ্গে থাকা তেলের পাইপলাইন বন্ধের হুমকি দিলেও পরে সেখান থেকে সরে আসার ইঙ্গিত দেয়।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনআলি ইলদিরিম জানিয়েছেন, তার দেশ কেবল তাদেরই লক্ষ্যবস্তু বানাতে চায় যারা গণভোটের পক্ষে ছিল। আঙ্কারা সাধারণ মানুষকে কষ্ট দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের সঙ্গে তুরস্ক ও রাশিয়ার ব্যাপক বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। গণভোটের পর সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এই গণভোট নিজের দেশের ভেতর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উসকে দিতে পারে আশঙ্কায় শুরু থেকেই তুরস্ক এর বিরোধিতা করে আসছে।
গণভোটের প্রতিক্রিয়ায় ইরান কুর্দিস্তানের সঙ্গে তার দেশের কোম্পানিগুলোর পরিশোধিত জ্বালানি পণ্যবাহী গাড়ির যাতায়াত বন্ধ করে দিয়েছে।
প্রতিবেশী দেশগুলো নানা ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নিলেও বিদ্যুৎ এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ কুর্দি অঞ্চল তেমন সমস্যায় পড়বে না বলে বিশ্ব ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।
“যদি এর সীমান্তগুলো বন্ধও করে দেওয়া হয় তারপরও ভূমি এবং পানিসম্পদের কারণে এর জীবনযাত্রা সচল থাকবে,” বলেন তিনি।
ইরাকের অন্যান্য অঞ্চলে গৃহযুদ্ধ চলায় বাগদাদের সরকার কুর্দিস্তানের ওপর অর্থনৈতিক অবরোধ দিলে নিজেরাই সঙ্কটে পড়বে বলেও অনেক বিশেষজ্ঞের ধারণা।
এসব বিবেচনায় ইরাকের পার্লামেন্ট সরকারকে স্বায়ত্তশাসিত অঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো দখলে নেওয়ার নির্দেশ দিয়েছে বলেও মনে করা হচ্ছে। কুর্দিস্তান থেকে সব বিদেশি দূতাবাস সরিয়ে নিতে বিভিন্ন দেশের প্রতিও আহ্বান জানিয়েছে তারা।
এদিকে সঙ্কট সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কুর্দি গণভোট ও এর ফলাফলকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিলেও প্রতিহিংসাপরায়ণ না হতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার বিষয়ে দুই পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে।
ফরাসী প্রেসিডেন্ট দপ্তরের এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কুর্দি সঙ্কট নিয়ে কথা বলতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ম্যাঁক্রোর আমন্ত্রণে সম্মতি দিয়েছেন। ইরাকি নেতা এজন্য ৫ অক্টোবর প্যারিস আসবেন বলেও ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কেআরজি ও বাগদাদের মধ্যে আলোচনায় সহায়তা করারও প্রস্তাব দিয়েছে।
