পুয়ের্তো রিকোর ত্রাণের জাহাজে নিষেধাজ্ঞা তুললেন ট্রাম্প
ঘুর্ণিঝড় মারিয়ায় বিধ্বস্ত পুয়ের্তো রিকোয় জ্বালানি ও রসদ সরবরাহ নির্বিঘ্ন করতে দ্বীপটিতে জাহাজ চলাচলে বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর উপর আরোপিত ‘জোন্স অ্যাক্ট’ বাতিলের নির্দেশ দিয়েছেন।”
গত ২০ সেপ্টেম্বর হারিকেন মারিয়া যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোয় আঘাত হানে।
চার মাত্রার ঘুর্ণিঝড় মারিয়ার তণ্ডবে পুয়ের্তো রিকো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতে দ্বীপটি বন্যাও হয়।
যে কারণে স্থানীয় বাসিন্দারা জ্বালানি, বিশুদ্ধ পানি ও ওষুধের মারাত্মক সংকটের মধ্যে পড়েছে।
ঝড়ে প্রাণহানি (১৬ জনের মৃত্যু হয়েছে) তেমন না হলেও দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুরো বিদ্যুৎ ব্যবস্থা (পাওয়ার গ্রিড) অকার্যকর হয়ে পড়ায় দ্বীপটির প্রায় ৩৪ লাখ বাসিন্দা এক সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে, টেলি যোগাযোগ ব্যবস্থাও প্রায় অচল হয়ে পড়েছে।
মৌলিক চাহিদা পূরণেই লড়াই করতে হচ্ছে দ্বীপবাসীদের। জ্বালানির অভাবে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
বিবিসি জানায়, পুয়ের্তো রিকোর প্রধান বন্দর সান জুয়ানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রসদ বোঝাই প্রায় ১০ হাজার কন্টেইনার পড়ে থাকতে দেখা গেছে। ট্রাকের অভাবে সেগুলো সরানো যাচ্ছে না।
যুক্তরাষ্ট্র থেকে জাহাজে করে যাওয়া জ্বালানি দিয়েই পুয়ের্তো রিকোর চাহিদা পূরণ করা হয়। ঘুর্ণিঝড়ের পর থেকেই সেখানে পেট্রোল রেশনিং চলছে।
স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা আরও সাহায্যের দাবিদার। আমরাও যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সম্ভবত আমাদের সঙ্গে সমান ব্যবহার করা উচিত।”
জোন্স অ্যাক্ট কি ?
জোন্স অ্যাক্ট যা ‘মার্চেন্ট মেরিন অ্যাক্ট ১৯২০’ নামেও পরিচিত।
ওই অ্যাক্ট অনুযায়ী, অন্য কোনো দেশ থেকে পুয়ের্তো রিকোতে পণ্য পাঠাতে হলে অবশ্যই সেটা যুক্তরাষ্ট্রের বন্দর থেকে এবং যুক্তরাষ্ট্রে তৈরি, মালিকানাধীন ও পরিচালিত জাহাজে করে পাঠাতে হবে।
যে কারণে, যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের তুলনায় পুয়ের্তো রিকোতে পণ্যের দাম বেশি।
ঘূর্ণিঝড়ে পর পুয়ের্তো রিকোর প্রতিবেশী দেশ থেকে পাঠানো ত্রাণও যুক্তরাষ্ট্রের বন্দর হয়ে জাহাজ পরিবর্তন করে তারপর দ্বীপটিতে পাঠাতে হচ্ছে।
