ইংলাক দুবাইয়ে, বললেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পালিয়ে গিয়ে দুবাইয়ে আছেন বলে জানিয়েছেন দেশটির জান্তা নেতা ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।
চালের একটি প্রকল্পে দুর্নীতির মামলায় বুধবার ইংলাককে তার অনুপস্থিতেই পাঁচ বছরের জেল দিয়েছে আদালত। এ মামলা থেকে বাঁচতেই ইংলাক গতমাসে পালিয়ে যান।
প্রায়ুথ চান-ওচা তিন বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইংলাককে ক্ষমতাচ্যুত করার পর তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। এরপরই ইংলাক গোপনে দেশ ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী ওচা বলেছেন, “থাইল্যান্ড কূটনৈতিক বিভিন্ন চ্যানেল এবং আন্তর্জাতিক পুলিশ ইন্টোরপোলকে ব্যবহার করে ইংলাকের পিছু ধাওয়া করবে।”
সাংবাদিকদের ওচা বলেন, ইংলাক দুবাইয়ে আছেন। পররাষ্ট্রমন্ত্রণালয় তার গতিবিধির ওপর নজর রাখছে। পুলিশ কে এখন পররাষ্ট্রমন্ত্রণালয় এবং ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
থাইল্যান্ডে থাকসিনের পুয়ে থাই পার্টি প্রধানমন্ত্রী ওচার দেওয়া এ খবরের ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
তবে সংযুক্ত আরব আমিরাতের একটি সূত্র জানিয়েছে, ইংলাক ১১ সেপ্টেম্বরে দুবাই ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
ইংলাকের অনুপস্থিতির কারণে থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত গতমাসে মামলার রায় পিছিয়ে দিয়েছিল। অবশেষে গতকাল বুধবার রায় ঘোষণা করা হয়।
