টেকো পুরুষরাই বেশি আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়
চুল পড়ে মাথা টাক হয়ে যাচ্ছে বলে চিন্তিত? নতুন গবেষণা বলছে, টেকো পুরুষরাই বেশি আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এবং কর্তৃত্বপরায়ন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার একদল গবেষকের বরাত দিয়ে ‘দ্য ইনডিপেনডেন্ট’ এ খবর প্রকাশ করেছে।
গবেষকরা কলেজ পড়ুয়া (নারী ও পুরুষ) শিক্ষার্থীদের উপর তিনটি বড় ধরনের গবেষণা জরিপ চালান।
গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে কয়েকজন পুরুষের ছবি দিয়ে তারা কতটা আকর্ষণীয়, আত্মবিশ্বাসী এবং কর্তৃত্বপরায়ণ বা প্রভাবশালী সেটির বিবেচনায় সেগুলোতে নাম্বার দিতে বলা হয়।
প্রথম জরিপের ফলে টাক মাথার পুরুষেরা মাথায় চুল ভর্তি পুরুষদের তুলনায় বেশি প্রভাবশালী বলে মত পায়।
দ্বিতীয় গবেষণা জরিপে দেখা যায়, প্রাকৃতিকভাবে চুল পড়ে মাথায় টাক হওয়া পুরুষদের তুলনায় চুল কেটে ফেলে দেওয়া ন্যাড়া মাথার পুরুষদের অধিক প্রভাবশালী ও আকর্ষণীয় বলে মত দিয়েছে অংশগ্রহণকারীরা।
অংশগ্রণকারীরা তাদের অধিক আত্মবিশ্বাসী ও পুরুষালী মনে করেছে বলে লক্ষ্য করেন গবেষকরা।
তৃতীয় গবেষণাটি আরও বিস্তৃত আকারে করা হয় এবং সেখানে দেখা যায়, প্রাকৃতিকভাবে পুরুষদের যখন চুল ঝরতে শুরু করে তখন তারা বিষয়টি কিভাবে মোকাবেলা করে এবং পুরো মাথা ন্যাড়া করে ফেলার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে হয়ত তার আন্তঃব্যক্তিক অবস্থানের উন্নতি হয়।
গবেষকরা আশা করছেন, হয়ত এখন থেকে পুরুষরা চুল ঝরে পড়া রোধ করতে বা নতুন চুল গজানোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ না করে বরং নিজেদের মাথা ন্যাড়া করে ফেলার সিদ্ধান্ত নেবে। এটি করার মাধ্যমে তাদের আন্তঃব্যক্তিক অবস্থানের উন্নতি হবে।
