জাপানে ৬৮ হাজার মানুষ শতবর্ষী!
জাপানে জনসংখ্যা নিম্নমুখী হলেও শতবর্ষী মানুষের সংখ্যা বেড়েই চলছে। মাত্র এক বছরের ব্যবধানে দেশটিতে শতবর্ষী মানুষের তালিকায় যোগ হয়েছে ২ হাজার ১৩২ জন, যা নিয়ে এ মুহুর্তে জাপানে শতবর্ষীর সংখ্যা ৬৭ হাজার ৮২৪ জন।
বিশ্ব বৃদ্ধ দিবস উপলক্ষ্যে দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণ অধিদপ্তরের করা জরিপের ফলে এ তথ্য জানানো হয়েছে।
গেল বছরের জরিপে শতবর্ষী মানুষের সংখ্যা ছিল ৬৫ হাজার ৬৯২ জন।
বর্তমানে ৮৭ দশমিক ৯ শতাংশ শতবর্ষী হল নারী যাদের সংখ্যা ৫৯ হাজার ৬২৭ জন। আর পুরুষের সংখ্যা ৮ হাজার ১৯৭ জন।
জাপানের সিমানে, কচি, কাগুশিমা, ততোরি, কাগুয়া প্রদেশে এই মানুষের অনেকেরই বয়স একশ’ বছরের বেশি।
১৯০০ সালে কাগুশিমা প্রদেশের কিকাই শহরের জন্ম নেয়া ১১৭ বছর বয়সী নাবি তাজিমাকে সবেচেয়ে বেশি বয়সী নারী হিসেবে তুলে ধরা হয়েছে। আর এরপরই রয়েছে টোকিওর মাসামিসু ইয়োশিদা। যার বয়স ১১৩ বছর।
১৯০৫ সালের জুলাইয়ে জন্ম নেয়া মাসাজু নোনাকা যার বর্তমান বয়স ১১২ কে জাপানের জেষ্ঠ্য পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সরকার আশা করছে গিনিজ বুকে বিশ্বে বয়সী পুরুষের তালিকায় তার নাম উঠবে।
মূলত উন্নত স্বাস্থ্য সেবা ও খাবারের প্রতি সচেতনতায় শতবর্ষী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের হিসেব মতে, সবচেয়ে বেশি শতবশর্ষী নারী-পুরুষ বাস করে টোকিওতে যার সংখ্যা ৫ হাজার ৮৩৫ জন, ওসাকায় ৩ হাজার ৫৫৫, কানাজাওয়াতে ৩ হাজার ৭৩৭ জন।
এছাড়াও, জাপানে ১২ কোটি ৭১ লাখ জনসংখ্যার এ দেশে শতকরা ২৬ দশমিক ৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উর্ধ্বে, যা গত পাঁচ বছরের মধ্যে ৩ দশমিক ৭ শতাংশ বেশি।
সরকার ধারণা করছে, আগামী মার্চে আরও ৩২ হাজার মানুষ শতবর্ষীর সংখ্যায় যোগ হবে যা ইতিহাসে সর্বোচ্চ।
সরকার বলছে, বৃদ্ধরা অধিকাংশই কর্মহীন, ফলে অর্থনীতিতে তারা কোন ভূমিকা রাখতে পারছে না। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে জাপানের অর্থনীতি ব্যাপক হুমকির মুখে পড়বে।
বৃদ্ধদের অধিকাংশই ব্যায়ামে নিয়োজিত থাকছে। পরিমিত খাবার ব্যবস্থা ও উন্নত চিকিৎসা সেবা বৃদ্ধদের আয়ু দীর্ঘায়িত করতে অনেকটাই অনুঘটকের ভূমিকা পালন করছে বলেও জরিপে বলা হয়েছে। সব কিছু ছাপিয়ে নতুন প্রজন্মকে সন্তান জন্মদানে উদ্ধুব্ধ করতে সরকার বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে।
১৯২০ সাল থেকে চলে আসা জাপানের আদিমশুমারী অনুযায়ী, বিয়ের প্রতি অনীহা আর চাপের কারণে জনসংখ্যার তীর নিম্নমুখী হচ্ছে।
