২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু যৌন নিপীড়ককে সমর্থন: আইসল্যান্ডে সরকার পতন

এক শিশু যৌন নিপীড়কের পক্ষে প্রধানমন্ত্রী বিয়ানি বেনেডিক্টসনের বাবার সুপারিশ নিয়ে ক্ষোভ থেকে আইসল্যান্ডের জোট সরকারের পতন হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 12:41 AM

Updated : 11 Oct 2022, 02:32 PM

শরিক দল মধ্যপন্থি ব্রাইট ফিউচার পার্টি শুক্রবার এক ফেইসবুক পোস্টে সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

পোস্টে সরকার ছাড়ার কারণ হিসেবে ‘আস্থার গুরুতর বরখেলাপের’ কথা বলেছে দলটি।

ব্রাইট ফিউচার ও রিফর্ম পার্টিকে নিয়ে গত জানুয়ারিতে সরকার গঠন করেছিলেন ইনডিপেনডেন্স পার্টির নেতা বেনেডিক্টসন।

৬৩ আসনের পার্লামেন্টে এই তিন দলের ৩২ আসন রয়েছে, যার মধ্যে চারটি ব্রাইট ফিউচারের।

শিশু যৌনি নিপীড়নে দণ্ডিত হিয়ালতি সিকর্জঅন হাকসনের দায়মুক্তি চেয়ে করা আবেদনের পক্ষে বেনেডিক্টসনের বাবা বেনেডিক্ট সেভেইনসনের সুপারিশের কথা প্রকাশের পরদিন সরকার ছাড়ল দলটি।

Image
প্রধানমন্ত্রী বিয়ানি বেনেডিক্টসন

প্রধানমন্ত্রী বিয়ানি বেনেডিক্টসন

আইসল্যান্ডের জুডিশিয়াল ব্যবস্থায় ভালো চরিত্রের অধিকারী তিনজন ব্যক্তির সুপারিশ এলে দণ্ডিতদের সরকারি চাকরি ফিরে পাওয়াসহ বেশ কিছু নাগরিক অধিকার পুনর্বহালের বিধান রয়েছে।

প্রায় ১২ বছর ধরে শিশু সৎ মেয়েকে ধর্ষণের দায়ে ২০০৪ সালে হাকসনের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল।

তার জন্য সুপারিশ করে কে চিঠি লিখেছে, তা প্রকাশে অস্বীকৃতি জানানোর পর সরকারের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।

প্রধানমন্ত্রীর বাবা বেনেডিক্ট সেভেইনসন ওই চিঠি লিখেছিলেন বলে বৃহস্পতিবার জানা যায়। আর প্রধানমন্ত্রী জুলাই থেকে বিষয়টি জানতেন বলেও প্রকাশ হয়।

এক বিবৃতিতে দীর্ঘদিনের বন্ধু হাকসনের জন্য ওই সুপারিশ করায় ক্ষমা চেয়েছেন সেভেইনসন। তার পরেও রক্ষা পেলেন না তার ছেলে বিয়ানি বেনেডিক্টসন।