২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের দখল থেকে তেলখনি পুনরুদ্ধার সিরীয় বাহিনীর

ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি তেলের খনি পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Sep 2017, 05:00 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল জোরের নিকটবর্তী তিয়েম তেলখনিটি পুনরুদ্ধার করে আরও এগিয়ে যায় তারা।

দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীগুলো দিয়ের আল জোরের প্রধান একটি মহাসড়কের কিছু অংশও পুনরুদ্ধার করেছে। ইরাকি সীমান্তের কাছে এই মহাসড়কটির পাশ দিয়ে ইউফ্রেতিস নদী বয়ে গেছে।

এই মহাসড়কটি সোজা আল মায়াদিন শহরের কেন্দ্রস্থলে চলে গেছে এবং আইএসের অনেক যোদ্ধা পশ্চাৎপসারণ করে সেখানেই আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি।

সিরীয় সেনাবাহিনী চলতি সপ্তাহে আইএসের প্রতিরোধ লাইন গুড়িয়ে দিয়ে দিয়ের আল জোর প্রদেশে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি অবরুদ্ধ অংশের সঙ্গে পুনঃযোগাযোগ প্রতিষ্ঠা করেছে। গত কয়েক বছর ধরে এই এলাকাটি অবরোধ করে রেখেছিল আইএসের যোদ্ধারা।

এরপর তারা আইএসের অবরোধের মধ্যে থাকা নিকটবর্তী একটি বিমান ক্ষেত্র পুনরুদ্ধারে লড়াই শুরু করেছে বলে জানা গেছে।  

তিয়েম তৈলখনিটি দিয়ের আল জোর প্রদেশের দক্ষিণাংশের মরুভূমিতে অবস্থিত। এই প্রদেশটি সিরিয়ার তেলখনি সমৃদ্ধ এলাকা।

সরকারি বাহিনীর এসব অগ্রগতিতে আইএসের নিয়ন্ত্রিত এলাকা ক্রমেই আরো সঙ্কুচিত হয়ে পড়ছে, এতে জঙ্গিগোষ্ঠীটির ওপর চাপ আরো তীব্র হচ্ছে। তবে গোষ্ঠীটি এখনও দিয়ের আল জোর প্রদেশের অধিকাংশ এলাকা এবং একই নামের শহরটির অর্ধেক অংশ দখল করে আছে।