২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে উপেক্ষা করে সিনেটে জাতিসংঘ জলবায়ু তহবিল অনুমোদন

প্যারিস জলবায়ু চুক্তি তদারককারী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংগঠনের জন্য ১ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘ জলবায়ু তহবিল বন্ধের সিদ্ধান্তকে উপেক্ষা করে সিনেট এ পদক্ষেপ নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 10:02 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেট এপ্রোপ্রিয়েশনস কমিটি ‘ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ (ইউএনএফসিসিসি) এর জন্য ভোটের মাধ্যমে ওই ব্যয় বরাদ্দ বিল অনুমোদন করেছে।

ইউএনএফসিসিসি এবং জলবায়ু বিষয়ক ইন্টারগভমেন্টাল প্যানেল দু’ক্ষেত্রেই তহবিল সরবরাহ চালু রাখার প্রশ্নে একটি সংশোধনী ১৬-১৪ ভোটে কমিটিতে পাস হয়।

যুক্তরাষ্ট্র ১৯৯২ সালে ইউএনএফসিসিসি তে অংশ নেওয়ার পর থেকে বাৎসরিক যে তহবিল দিয়ে আসছিল তা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প এবছরের শুরুতে তার প্রথম বাজেট প্রস্তাবেই জাতিসংঘ জলবায়ু তহবিল বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

ট্রাম্প গত জুনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে জলবায়ু তহবিলও দেওয়া বন্ধের ঘোষণা দেন তিনি।

বিশ্ব উষ্ণায়ন রোধের লক্ষ্যে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের নেতৃত্বে ওই জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। এটিকে মার্কিন স্বার্থবিরোধী আখ্যা দিয়ে ট্রাম্প এ থেকে সরে আসেন।

কিন্তু ট্রাম্পের ঘোষণার পরও যুক্তরাষ্ট্র ইউএনএফসিসিসি থেকে সরে আসেনি। জাতিসংঘ জলবায়ু তহবিলের প্রায় ২০ শতাংশই যুক্তরাষ্ট্র সরবরাহ করে আসছে।