শ্রীলংকায় রাজাপাকসে আমলের শীর্ষ কর্মকর্তাদের জেল
শ্রীলংকায় সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে আমলের দুই শীর্ষ কর্মকর্তাকে তহবিল তছরূপের অভিযোগে জেল ও জরিমানা দিয়েছে আদালত। এক আইনজীবী একথা জানিয়েছেন।
দেশটিতে সরকারি দুর্নীতির ধারাবাহিক তদন্তে এই প্রথম দোষী সাব্যস্ত দুই কর্মকর্তার সাজা হল।
শ্রীলংকার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা দুর্নীতি দূর করার প্রতিজ্ঞা নিয়ে ২০১৫ সালে রাজাপাকসের সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন। ফলে দেশে দুর্নীতির মূলোৎপাটনের চাপে আছেন তিনি।
সিরিসেনা প্রশাসন অর্থ পাচার এবং সরকারি তহবিল তছরূপের ৫০ টি মামলা পরিচালনা করছে। এসব মামলায় বৃহস্পতিবারই প্রথম দুইজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিল কলোম্বো হাই কোর্ট।
এদের একজন হচ্ছেন, সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে আমলের সেক্রেটারি ললিথ বীরাতুঙ্গা এবং আরেকজন হচ্ছেন রাষ্ট্রপরিচালিত টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (টিআরসি) সাবেক প্রধান আনুশা পালপিতা। দুইজনকে ৩৪০,৭৬০ ডলার করে জরিমানাও করা হয়েছে।
২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই কর্মকর্তারা রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ নির্বাচন পর্যবেক্ষকদের।
সাজাপ্রাপ্ত বীরাতুঙ্গা এবং পালপিতা দুইজনের আইনজীবীই রয়টার্সকে বলেছেন, তারা রায়ের বিরুদ্ধে আবেদন করবেন।
রাজাপাকসের দুই ছেলে নমল এবং ইয়োশিথাকেও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
রাজাপাকসের ভাই বাসিলও একইধরনের অভিযোগে অন্তত তিনবার গ্রেপ্তার হয়েছেন। তিনি শ্রীলংকার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধান ছিলেন।
