২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজমহল থেকে আইফেল টাওয়ার সবই আছে ‘বাবা’র ডেরায়

রাজকীয় প্রাসাদকেও হার মানানো রূপকথার মতো ডেরা সাজিয়েছিলেন ভারতের সেই ধর্ষক ‘বাবা’ গুরমিত রাম রহিম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 08:33 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

তার ডেরায় চোখ রাখলে চমকে যেতে হয়। কী নেই সেখানে! ডেরায় তাজমহল থেকে শুরু করে আইফেল টাওয়ার, ডিজনি ল্যান্ডও বানিয়ে ফেলেছিলেন ধর্ষক বাবা।

ভারতের হরিয়ানায় সিরসা শহর থেকে অনেকটাই দূরের জায়গায় ডেরা রাম রহিমের। বাহির থেকে দেখে মনে হবে সেখানে শহুরে সুযোগ-সুবিধা কিছু নেই। কিন্তু দেয়াল ডিঙিয়ে ভেতরে ঢুকলেই চক্ষু চড়কগাছ হয়ে যাবে।

সাততারা হোটেল, অভিজাত রেস্তোরাঁ, সুইমিং পুল, অত্যাধুনিক হাসপাতাল, আন্তর্জাতিক মানের স্কুল, হোস্টেল, সিনেমা হল, শপিং মল, ফুড কোর্ট, জিম, কৃষিজমি, বাজার, তাজমহলের ছাঁচে বানানো বাড়িঘর, ডিজনিল্যান্ডের আদলে গড়া স্থাপত্য আর তার ভেতরেই গড়া আইফেল টাওয়ার, রিসর্ট নিয়ে ৮০০ একরের বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে আছে রাম রহিমের একক সাম্রাজ্য।

ডেরার দরজা খুলে ভিতরে ঢুকলে এমন সব হোটেল চোখে পড়বে যেগুলো যে কোনও সাততারা হোটেলকেও হার মানাবে। রিসেপশন, লবি থেকে শুরু করে হোটেলের প্রতিটি ঘর, বাথরুম সবই দামী মার্বেল পাথরে মোড়া। ভিআইপি ভক্তদের থাকার সুবন্দোবস্ত করতে সেখানে সব সুযোগ-সুবিধাই আছে।

হোটেল পেরিয়ে ডেরার অন্য প্রান্তে ঘুরলে দেখা যাবে তাজমহলের আকারে তৈরি বিশাল সব ভবন। রয়েছে প্যারিসের আইফেল টাওয়ারও। সবই ‘বাবা’র মনের মতো করে বানানো। বিলাসিতার যাবতীয় সুবিধা রয়েছে ডেরার সবখানে।

ভক্ত-অনুসারীরা সাধ্য অনুযায়ী বাবার ডেরায় যে আর্থিক অনুদান দিয়েছেন সেই অর্থেই ভোগবিলাসের জন্য এমন অবাক করা ডেরা বানিয়েছেন রাম রহিম।

দেশ-বিদেশ মিলিয়ে ভক্তসংখ্যা ৫ কোটি বলে দাবি বাবা’র। ভক্তদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ফুলেফেঁপে উঠেছে রাম রহিমের ডেরা। বেড়েছে জাঁকজমকও।

কিন্তু এখন জোড়া ধর্ষণের অভিযোগে রাম রহিমের জেল হওয়ার পর প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে ডেরা। আদালতের নির্দেশে সেখানে তল্লাশি শুরুর পর থমথমে হয়ে পড়েছে ডেরা সচ্চা সৌদা।