২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার রাসায়নিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা’

সিরিয়ার পশ্চিমাঞ্চলে একটি রাসায়নিক ঘাঁটিতে হামলার খবর দিয়েছে দেশটির সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 02:48 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

ইসরায়েলি জঙ্গি বিমান এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের।

যে ঘাঁটিতে হামলা হয়েছে সেটি সিরীয় সরকারে রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের আকাশসীমা ব্যবহার করে নিক্ষেপ করা রকেট মাসইয়াফের কাছের একটি ঘাঁটিতে হামলা চালালে দুই সৈন্য নিহত হয়।

আরবের গণমাধ্যম এবং সিরীয় পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী বিমান হামলা সিরিয়ার রাসায়নিক অস্ত্র কারখানা লক্ষ্য করে হয়েছে বলে নিশ্চিত করেছে।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি জঙ্গি বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

এর আগেও ইসরায়েল সিরিয়ার বিভিন্ন অস্ত্র কারখানায় চোরাগোপ্তা হামলা চালিয়েছে; যদিও বৃহস্পতিবারের হামলা বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে কোনো মন্তব্যের এখতিয়ার তার নেই।

জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তারা এপ্রিলে বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শেইখৌনে সিরিয়ার বিমান বাহিনীর চালানো সারিন গ্যাস হামলা বিষয়ে তদন্ত শেষের ঘোষণা দেয়ার একদিন পর ইসরায়েলি বিমানের হামলা চালানোর খবর এলো।

খান শেইখৌনে হামলায় নারী ও শিশুসহ ৮৩ জন নিহত হয়েছিল।

সিরিয়ার বাশার আল আসাদ ওই হামলার অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, পশ্চিমারা হামলা বিষয়ে ‘মিথ্যাচার’ করছে।