হার্ভির পর এ বার চোখ রাঙাচ্ছে ইরমা
যুক্তরাষ্ট্রের হিউস্টনে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভির তান্ডবের পর এবার ক্যাটাগরি ফোর রূপ নিয়ে ক্যারিবীয় অঞ্চলে ধেয়ে যাচ্ছে আরেক ঘূর্ণিঝড় ইরমা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে ছুটে আসা এ ঝড় আগামী ৪৮ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে। ফলে কয়েকটি ক্যারিবীয় দ্বীপে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ইরমা’র তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে লিওয়ার্ড দ্বীপ। প্রচণ্ড বৃষ্টি আরও ঝড়ো হাওয়ায় সেখানে জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
হারিকেন হার্ভির ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি হিউস্টন। ত্রাণ শিবির থেকে এখনও অনেকেই ঘরে ফেরেনি। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এরই মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইরমা।
ঝড়টি কোন কোন পথে অগ্রসর হবে এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে এর কি প্রভাব পড়বে সেটি এখনও ঠিক করে বলতে পারছে না হারিকেন সেন্টার এনএইচসি।
হারিকেন সেন্টার বলছে, মঙ্গলবার দিনশেষে কিংবা বুধবার সকালের দিকে পুয়ের্তো রিকোর পূর্বে লিওয়ার্ড দ্বীপের ওপর দিয়ে বয়ে যেতে পারে এ ঝড়।
এর প্রভাবে উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পানির স্তর বেড়ে তা স্বাভাবিকের তুলনায় ৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
পুয়ের্তো রিকোয় এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং ন্যাশনাল গার্ডদেরকে প্রস্তুত রাখা হয়েছে। ৬২ হাজার মানুষের জন্য জরুরি শিবির খোলার ঘোষণা দিয়েছেন গভর্নর রিকার্ডো রোসেল্লো।
লোকজনও দোকানে ভিড় জমিয়ে প্রয়োজনীয় সব জিনিস কিনে মজুদ করতে শুরু করেছে।
এন্টিগুয়া, বারবুডা, এঙ্গুইলা মন্টসেরাট, সেন্ট কিটস, নেভিস, সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সাবা, সেন্ট এউটাটিউস, পুয়ের্তো রিকো, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং ইউএস ভার্জিন আইল্যান্ডস- এও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩৬ ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়তে পারে হারিকেন ইরমা।
