২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ

কারচুপির কারণে ফল বাতিল হওয়ায় নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কেনিয়ার নির্বাচন কমিশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 02:19 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

১৭ অক্টোবরের নির্বাচনে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও বিরোধী প্রার্থী রাইলা ওডিঙ্গা ছাড়া অার কেউই অংশ নিতে পারবেন না।

সুপ্রিম কোর্ট ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে বলার তিন দিন পর কেনিয়ার নির্বাচন কমিশন এ নতুন তারিখ ঘোষণা করে বলে বিবিসি জানিয়েছে।

এর অাগে গত ৮ অগাস্ট অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পাওয়া কেনিয়াত্তাকে জয়ী ঘোষণা করা হয়।

ফল প্রত্যাখ্যান করে কমিশনের দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ অানেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ওডিঙ্গা।

অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্ট নির্বাচনের ফলকে 'অবৈধ' এবং সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে ঘোষণা করে।

তারা ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশও দেয়।

অাফ্রিকার ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে ফল প্রত্যাখ্যান করে বিরোধীদের নতুন নির্বাচনের দাবিতে অাদালতের সায় এলো।

সুপ্রিম কোর্টের রায়ের পর বিরোধীপ্রার্থী ওডিঙ্গা পুরো নির্বাচন কমিশনকে 'অসৎ' অ্যাখ্যা দিয়ে এর সদস্যদের পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়ার অাহ্বান জানান।

এ নিয়ে তৃতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন ওডিঙ্গা। ২০০৭ ও ২০১৩-র নির্বাচনেও বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন তিনি।