২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্য থেকে ২৮৮ দিন পর ঘরে ফেরা

মহাশূন্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ২৮৮ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী পেগি উইটসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 10:47 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

 তার সঙ্গে ফিরেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আরও দুজন ক্রু। জ্যাক ফিশার এবং ফয়োডর ইউরচিকিন।

কাজাখস্তানে শনিবার প্যারাসুটে করে নিরাপদে অবতরণ করেছেন তারা। এর মধ্য দিয়ে কক্ষপথে তাদের রেকর্ড ৬৬৫ দিন অবস্থানের অবসান ঘটল।

৫৭ বছর বয়স্ক পেগি উইটসন যে কোনও আমেরিকান নভোচারীর চেয়ে বেশি সময় মহাশুন্যে কাটিয়ে ফিরলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসেরও বেশি সময় কাটিয়েছেন তিনি।

শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে প্রবীণ মহাশূন্যচারী নারীর মর্যাদাও তিনি অর্জন করেছেন। তাছাড়া, মহাশূন্যে হেঁটে বেড়ানো সবচেয়ে অভিজ্ঞ নারী পেগি ‍উইটসন। গত নভেম্বরে মহাশূন্যে যাওয়ার পর থেকে দুইবার মহাকাশ স্টেশনের কমান্ডে থাকা প্রথম নারীও তিনিই।

মহাকাশ স্টেশনের কাজ নতুন একটি দলের কাছে হস্তান্তর করে একটি সয়ুজ ক্যাপসুলে চড়ে পেগি ও তার সঙ্গের দুই ক্রু ফিরে এসেছেন পৃথিবীতে। এ দীর্ঘ যাত্রায় তাদেরকে পাড়ি দিতে হয়েছে ১২ কোটিরও বেশি মাইল পথ এবং ৪ হাজার ৬২৩ কক্ষপথ।

নভোচারী ফয়োডর ইয়ুরচিকিনও ৫ টি মিশনে মহাশুন্যে দীর্ঘ সময় কাটিয়েছেন। তিনি মহাশুন্যে কাটিয়েছেন ৬৭৩ দিন। অন্যদিকে, নাসার আরেক নভোচারী জ্যাক ফিশার পৃথিবীতে ফিরলেন ১৩৬ দিন পর।

“মহাশূন্যে কাজের অভিজ্ঞা ভাল ছিল। আর এখন পৃথিবীতে ফিরে চমৎকার লাগছে” বলে জানিয়েছেন পেগি। পরিবারের সদস্য আর বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলে এক সাক্ষাৎকারে জানান তিনি।