কলম্বিয়া: নির্বাচনী জোটে চোখ ফার্কের
আগামী বছরের নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার পরিকল্পনা করছে কলম্বিয়ার অস্ত্র সমর্পণ করা গেরিলা দল ফার্ক।
শুক্রবার রাজধানী বোগোতার বলিভার স্কয়ারে রেভ্যুলেশনারি অল্টারনেটিভ কমন ফোর্সের নতুন যাত্রা উপলক্ষে আয়োজিত এক কনসার্টে সাবেক গেরিলা নেতা রডরিগো লনডোনো এ পরিকল্পনার কথা জানান বলে রয়টার্সের খবর। রডরিগোই সবার কাছে টিমোশেঙ্কো নামে পরিচিত।
রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম রেভ্যুলেশনারি অল্টারনেটিভ কমন ফোর্স (ফার্ক)। অস্ত্র সমর্পনের পর এই নামেই কাজ করছেন সাবেক গেরিলারা।
কয়েক দশকের যুদ্ধ শেষে গত বছর কিউবার মধ্যস্থতায় কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি চুক্তি করে ফার্ক।
চুক্তিতে ফার্ক গেরিলারা অস্ত্র সমর্পণ করে নিয়মিত রাজনৈতিক দলে কাজ করার অঙ্গীকার করে, বিনিময়ে বেশিরভাগ গেরিলাকে ক্ষমা এবং শাস্তি পাওয়া গেরিলাদের কারাগার থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কলম্বিয়া সরকার।
সরকারী বাহিনী ও ফার্কের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে অন্তত দুই লাখ ২০ হাজার নিহত এবং কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়।
গেরিলাদের প্রকাশ্য রাজনীতিকে স্বাগত জানালেও দলের সংক্ষিপ্ত নাম ‘ফার্ক’ থাকায় অনেকেই এর সমালোচনাও করছেন।
নামটির সঙ্গে কলম্বিয়াবাসীর দীর্ঘদিনের ‘রক্তাক্ত অভিজ্ঞতা’ থাকায় এটি পরিবর্তনেরও আকাঙ্ক্ষা ছিল অনেকের, বলছে রয়টার্স।
চুক্তি অনুযায়ী ফার্কের রাজনৈতিক দল ২০২৬ সাল পর্যন্ত কংগ্রেসের ১০টি আসন পাবে এবং অন্য আসনগুলোতে সমর্থনপুষ্ট প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে পারবে।
মার্ক্সিস্ট আদর্শ, ভূমি সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতিসহ দলটি এখন আগামী বছরের বিধানসভা ও প্রেসিডেন্ট নির্বাচনকে লক্ষ্য রেখে দল পুনর্গঠনে মনোযোগ দিয়েছে বলেও শীর্ষ নেতারা জানিয়েছেন।
“ঐতিহাসিক লক্ষ্য, উদ্যম, সামাজিক ন্যায়বিচারের নতুন ধারণা ও দেশের জন্য সত্যিকারের গণতন্ত্রের সুনির্দিষ্ট রাজনৈতিক পথেই আমরা অগ্রসর হবো,” ছয়দিনের সম্মেলন শেষে দলের নতুন যাত্রা শুরুর ঘোষণা দিয়ে এমনটাই বলেন সম্পাদকমন্ডলীর সদস্য ইভান মার্কেজ।
দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে কনসার্ট ও শীর্ষ নেতা রডরিগো লনডোনোর ভাষণের আয়োজন করে ফার্ক।
ফার্ক নেতারা মঞ্চে ওঠার পর সেখানে ‘রাজনৈতিক দলে স্বাগতম’ ব্যানার প্রদর্শিত হয়; সামনে থাকা হাজারো জনতা স্লোগান দেয়- ‘শান্তি দীর্ঘস্থায়ী হোক’।
পরে দেওয়া ভাষণে রডরিগো বলেন, “রাজনৈতিক কারণে আর এক ফোঁটা রক্ত পড়ুক তা আমরা চাই না, চাই না সহিংসতার শিকার হওয়া শিশুর কারণে কোনো মায়ের কান্না।
“এ কারণেই ক্ষমা ও মিত্রতার হাত আমরা প্রসারিত করেছি। আমরা এমন এক কলম্বিয়া চাই যেখানে ঘৃণার স্থান থাকবে না।”
তার দল দূর্নীতি ও দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করবে বলেও জানান রডরিগো, বিশেষ করে গ্রামীন দরিদ্র অঞ্চলে। এটি সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ফার্কের সদস্যরা ৮০-র দশকের মতো গুপ্তহত্যার শিকার হতে পারেন বলেও বারবার আশঙ্কার কথা জানিয়ে আসছেন নেতারা।
সরকারের সঙ্গে ব্যর্থ এক শান্তি প্রক্রিয়ার পর ফার্ক গেরিলাদের মিত্র হিসেবে পরিচিত প্যাট্রিয়টিক ইউনিয়ন পার্টির ৫ হাজারেরও বেশি সদস্য নিহত হন।
