ক্ষেপণাস্ত্র চুক্তি পর্যালোচনায় সম্মত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি ক্ষেপণাস্ত্র চুক্তি পর্যালোচনায় সম্মত হয়েছেন।
শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল ব্লু হাউজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্রগতিতে করা চুক্তিটি পর্যালোচনার ঘোষণা দেয়।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার মধ্যেই এই সিদ্ধান্ত এলো বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সামরিক যন্ত্রপাতি কিনতে দক্ষিণ কোরিয়ার বিলিয়ন ডলারের প্রস্তাবেও ট্রাম্প ‘নীতিগত’ সম্মতি দিয়েছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
আন্তর্জাতিক হুঁশিয়ারি ও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চালানো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক অস্ত্র কর্মসূচির পাল্টায় প্রতিরক্ষার জন্য ওয়াশিংটনের সঙ্গে মিসাইল ক্যাপ বাড়ানোর ওই চুক্তি করেছিল সিউল।
“প্রয়োজনীয় মাত্রার ক্ষেপণাস্ত্র নির্দেশনার মূলনীতি পর্যালোচনায় দুই নেতা সম্মত হয়েছেন; উত্তরের উসকানি ও হুমকির প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাপনা শক্তিশালী করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন,” বিবৃতিতে এমনটাই বলে ব্লু হাউজ।
উত্তর এবং দক্ষিণ কোরিয়া কার্যত এখনো যুদ্ধের মধ্যেই আছে। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত চলা দুই কোরিয়ার যুদ্ধ শেষ হয় যুদ্ধবিরতিতে, শান্তি চুক্তিতে নয়।
এরপর থেকে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে দক্ষিণ এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।
সর্বশেষ গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের ছোড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হোয়াসং-১২ জাপানের ওপর দিয়ে উড়ে প্রশান্ত মহাসাগরে পড়লে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে জুলাইয়ে দুটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া; ক্ষেপণাস্ত্রগুলো ১০ হাজার কিলোমিটার বা তারও বেশি উড়ে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে বলে পিয়ংইয়ং দাবি করে আসছে।
রাশিয়ার সঙ্গে স্থল এবং জাপানের সঙ্গে সমুদ্রসীমা ভাগ করা উত্তর কোরিয়া অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র বানাতে কাজ করছে। সম্প্রতি তারা প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের দখলে থাকা গুয়ামে হামলারও হুমকি দিয়েছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া ২০১২ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্যালোচিত এক চুক্তির প্রেক্ষিতে পাঁচশ কেজি ওজন বহনে সক্ষম ৮০০ কিলোমিটার দূরত্ব যেতে পারে এমন ব্যালিস্টিক মিসাইল বানাতে কাজ করছে।
সিউল এখন ওজন বহনকারী ক্ষেপণাস্ত্রের ক্যাপ বাড়াতে চুক্তি নতুন করে পর্যালোচনা করতে চায়।
হোয়াইট হাউজ বলছে, চুক্তি পর্যালোচনায় সম্মত হওয়ার পাশাপাশি দুই নেতা উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় তাদের ওপর শক্ত কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধির ব্যাপারেও একমত হয়েছেন।
“মার্কিন সামরিক যন্ত্রপাতি কিনতে দক্ষিণের বিলিয়ন ডলারের প্রস্তাবেও নীতিগত সম্মতি জানিয়েছেন ট্রাম্প,” জানিয়েছে হোয়াইট হাউজ।
