২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার ছেড়ে পালিয়েছে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা: জাতিসংঘ

রাখাইনে এক সপ্তাহ আগে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 10:50 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

মিয়ানমারের রাখাইন প্রদেশে গত ২৪ অগাস্ট রাতে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে।

সিএনএন জানায়, গত শুক্রবার থেকে মাত্র এক সপ্তাহ সময়ের মধ্যেই প্রায় ২৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। আরও ২০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে সীমান্তের শূন্যরেখায়।

বৃহস্পতিবার নাফ নদীতে ভেসে আসা ২০ রোহিঙ্গার দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১২ জনই শিশু।

ওদিকে, রাখাইনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত প্রায় চারশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি, ‘চরমপন্থি জঙ্গিদের’ বিরুদ্ধে তারা দমন অভিযান চালাচ্ছে। তাদেরকে বেসামরিক মানুষদের ‘সুরক্ষার নির্দেশ’ দেওয়া হয়েছে।

কিন্তু পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবি, দেশ ছাড়তে বাধ্য করতে সেনাবাহিনী তাদের ‘বাড়ি ঘরে আগুন দিচ্ছে এবং নির্বিচারে হত্যা করছে’।