কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করল সুপ্রিম কোর্ট
কেনিয়ায় গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের কথা জানিয়ে ভোটের ফল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ৬০ দিনের মধ্যে আবার নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দিয়েছে আদালত।
কেনিয়াই আফ্রিকার প্রথম দেশ যেখানে আদালত প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করল।
দেশটিতে গত মাসের নির্বাচনে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার জয় ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু বিরোধীরা কমিশনের আইটি সিস্টেম হ্যাক হওয়ার অভিযোগ তোলে। নির্বাচন ঘিরে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়।
এখন আদালত ভোটের ফল বাতিল করায় কেনিয়াত্তা এবং প্রবীণ বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গার মধ্যে আবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় নামার পট প্রস্তুত হল।
আদালতের প্রধান বিচারপতি ডাভিড মারাগা বলেছেন, “গত ৮ অগাস্টের নির্বাচন সংবিধানসম্মতভাবে করা হয়নি। ফলে এটি বাতিল ঘোষণা করা হচ্ছে।”
সুপ্রিম কোর্টের ৬ বিচারকের ৪ জনই এ রায় সমর্থন করেছেন বলেও জানান তিনি। তার এ ঘোষণায় বিরোধীদলের সমর্থকরা আনন্দ প্রকাশ করেছে।
