রাম রহিমের দত্তক কন্যাকে ধরতে বিমানবন্দরে সতর্কতা
রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভারতের ধর্ষক ধর্মগুরু রাম রহিমের পালিত মেয়ে হানিপ্রিত ইনসানকে খুঁজছে হরিয়ানা পুলিশ।
হানিপ্রিত যেন হরিয়ানা ছাড়তে না পারেন সে জন্য বিমানবন্দরসহ সব জায়গায় পুলিশের পক্ষ থেকে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানায় এনডিটিভি।
এনডিটিভির খবরে বলা হয়, হানিপ্রিতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
গত শুক্রবার পাচকুলা বিশেষ আদালত ধর্ষণের দায়ে রাম রহিমকে দোষীসাব্যস্ত করলে হানিপ্রিত সেখান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে বুধবার অভিযোগ করে হরিয়ানা পুলিশ।
রাম রহিমের আশ্রম ডেরা সাচ্চা সাওদার আরেক জ্যেষ্ঠ সদস্য অদ্বিতীয়া ইনসানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
দুই শিষ্যকে ধর্ষণের দায়ে দোষীসাব্যস্ত করার পর গত সোমবার ৫০ বছর বয়সী গুরমিত রাম রহিমকে ১০ বছরে করে মোট ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে ধর্ষণের শিকার দুই নারীকে দিতে হবে ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ।
রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর পাঞ্জাব ও হরিয়ানায় ব্যাপক তাণ্ডব শুরু করে এই ধর্মগুরুর আড়াই লাখ ভক্ত। সহিংসতা ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি পর্যন্ত।
ওই সহিংসতায় ৩৮ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে সোমবার সাজা ঘোষণার দিন নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। আদালতে রায় না দিয়ে রাম রহিম যেখানে আছেন, সেই রোহতক কারাগারে অস্থায়ী এজলাস বসিয়ে সাজা ঘোষণা করা হয়।
