২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৫ মন্ত্রীর পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ইঙ্গিতের মধ্যেই পানি সম্পদ মন্ত্রী উমা ভারতীসহ মোট পাঁচ মন্ত্রী পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 11:08 AM

Updated : 12 Apr 2022, 12:15 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পদত্যাগ পত্র জমা দেন বলে জানায় এনডিটিভি।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভি জানায়, আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করতে পারেন।

পদত্যাগীদের মধ্যে উমা ভারতী ছাড়া বাকিরা হলেন- কৃষিমন্ত্রী রাধা মোহন সিং এবং প্রতিমন্ত্রী রাজিব প্রতাপ রুডি, সঞ্জীব বলয়ান ও গিরিরাজ সিং।

এনডিটিভি জানায়, ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে রাজিব প্রতাপ রুডিকে দলের (বিজেপি) সাংগঠনিক ভূমিকায় দেখা যেতে পারে।

কয়েকজন মন্ত্রী তাদের ‘অদক্ষতার’ কারণে পদ হারিয়েছেন বলে ধারণা এনডিটিভির।

মধ্য প্রদেশের মান্দ্রসৌরে আন্দোলনরত কৃষকদের মৃত্যু ঠেকাতে না পারায় দেশজুড়ে কৃষিমন্ত্রী রাধা মোহন সিংয়ের ব্যাপক সমালোচনা হয়েছে।

সম্প্রতি একটি উপনির্বাচনে মান্দসৌর আসনে বিরোধীদল কংগ্রেসের কাছে হেরে গেছে বিজেপি। 

স্বাস্থ্যগত কারণে উমা ভারতীকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে।

এছাড়া, কালরাজ মিশ্রা বৃহস্পতিবার বিজেপি প্রধান আমিত শাহর সঙ্গে দেখা করেছেন। মিশ্রার বয়স ৭৬ বছর; বিজেপিতে মন্ত্রীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা ৭৫।

এছাড়া মিনিস্টার অব স্টেট মহেন্দ্র নাথ পান্ডেকে বিজেপির উত্তর প্রদেশ রাজ্য প্রধান করায় তার পদটিও খালি হয়েছে।