২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বৃষ্টিপাতে আংশিক নিমজ্জিত করাচি, নিহত ১১

ব্যাপক মৌসুমি বৃষ্টিপাতে পাকিস্তানের বৃহত্তর নগরী করাচিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং শহরটির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 03:49 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া মুষলধারার বৃষ্টি বৃস্পতিবারও চলছিল বলে জানিয়েছে ডননিউজ।

নিহতদের অধিকাংশই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন বলে ইদি ফাউন্ডেশনের কর্মকর্তারা ডননিউজকে জানিয়েছেন।

শহরের সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় আফিসগামী যাত্রীরা নিদারুণ ভোগান্তির শিকার হয়েছে। বৃষ্টির কারণে শহরটির অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়েছে।

উত্তর করাচিতে রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ৯৭ মিলিমিটার বলে ডননিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

শহরের উত্তর নাজিমাবাদ, উত্তর করাচি, ওরাঙ্গি, মালির, ডরিগ রোড ইত্যাদি এলাকা পানিতে ডুবে গেছে।

সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত তিন দিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ।

সোমবার করাচির মেয়র ওয়াসিম আখতার ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করে তার কর্পোরেশনের সব কর্মীকে প্রয়োজনীয় উপকরণসহ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।

মঙ্গলবার সিন্ধুর প্রাদেশিক সরকারও ভারি বৃষ্টিপাতের আশঙ্কায় আবহাওয়া সতর্কতা জারি করে।

প্রদেশটির কাশমোর শহরে নিজেদের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এটি মেয়েশিশু মারা গেছে। অপরদিকে জামশোরো জেলার থানো বোলা খান শহরে বৃষ্টির পানিতে ডুবে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।

প্রতিবেশী ভারতের মুম্বাই শহরে যে নিম্নচাপটির কারণে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে সেই একই নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা এবং দেশটির আরো উত্তরের দিকে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।