২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের গাড়িবহরে যুক্তরাষ্ট্রের অভিযান

ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী পূর্ব সিরিয়ামুখি একটি গাড়িবহরকে থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 02:08 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

বুধবারের এ ঘটনার সময় আইএসের বহরটির সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসা জঙ্গিগোষ্ঠীটির অন্যান্য সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র।

ওই গাড়িবহরটি লেবানন-সিরিয়া সীমান্তের একটি ছিটমহল থেকে রওনা হয়ে পূর্ব সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। ওই ছিটমহলটি এতদিন জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সম্প্রতি সেখান থেকে জঙ্গিদের হটিয়ে দিতে লেবাননের দিক থেকে লেবাননের সেনাবাহিনী এবং সিরিয়ার দিক থেকে সিরীয় সেনাবাহিনী ও লেবাননি হিজবুল্লাহ গেরিলারা একযোগে অভিযান শুরু করে।

উভয়পক্ষের অভিযানের মাঝে আটকা পড়া আইএসের যোদ্ধারা অস্ত্রবিরতি মেনে নিয়ে ছিটমহলটি ত্যাগ করতে রাজি হয়। ছিটমহল ত্যাগ করে তাদের পূর্ব সিরিয়ার নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় চলে যাওয়ার ব্যবস্থা করে দেয় হিজবুল্লাহ গোষ্ঠী ও সিরীয় সেনাবাহিনী।

আইএস যোদ্ধাদের ছিটমহল ত্যাগের এই চুক্তি নস্যাৎ করতেই তাদের গাড়িবহর অবরোধ করে জোট বাহিনী। সিরিয়ায় যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী এই চুক্তিটির বিরোধী। অপরদিকে পূর্ব সিরিয়ার সীমান্ত সংলগ্ন ইরাকি ভূখণ্ডে আইএসের বিরুদ্ধে লড়াইরত ইরাকও চুক্তিটির সমালোচনা করেছে।

হিজবুল্লাহর দেওয়া তথ্যানুযায়ী, আইএসের ওই বহরটিতে ৩০৮ জন জঙ্গি ও ৩৩১ জন বেসামরিক রয়েছে।

যুক্তরাষ্ট্রের বাহিনীর অবরোধের মুখে তারা এখন পুরোপুরি আটকা পড়ে আছে। আইএস নিয়ন্ত্রিত এলাকার দিকে তারা আর এগিয়ে যেতে পারছে না।

বহরটি এখন সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকার কাছে হুমেইমাতে আটকা পড়ে আছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন জোট বাহিনীর মুখপাত্র রায়ান ডিলন।

টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, “সড়কে গর্ত খুঁড়ে ও ছোট একটি সেতু উড়িয়ে দিয়ে তাদের পূর্বদিকে যাওয়া বন্ধ করে দিয়েছি আমরা।”

পরে তিনি জানিয়েছেন, আইএসের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে তাদের যোদ্ধারা হুমেইমার দিকে এগিয়ে আসার সময় তাদের বহনকারী গাড়িগুলোর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো।

বর্তমানে সিরিয়া ও ইরাক, উভয় জায়গায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে আইএস। দুটি দেশেই তাদের দখলে থাকা বিশাল এলাকাসহ গুরুত্বপূর্ণ শহর ও নগরগুলো হাতছাড়া হয়ে গেছে। ছয় বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর দিকের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিশাল এলাকা দখল করে নিয়েছিল তারা, পরে তাদের নিয়ন্ত্রিত এলাকার বিস্তার সিরিয়া থেকে প্রায় ইরাকের রাজধানী বাগদাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

সিরিয়ায় তাদের কথিত রাজধানী রাক্কায়ও অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত জোট বাহিনী, কুর্দি সম্মিলিত বাহিনী এবং আরব বেসামরিক বাহিনীগুলো।