ভারি বৃষ্টিপাতে মুম্বাইয়ে জনজীবন স্থবির, মৃত ৫
ব্যাপক মৌসুমি বৃষ্টিপাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে, এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু খবর পাওয়া গেছে, ‘রেড এলার্ট’ জারি করে শহরের বাসিন্দাদের জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার শহরটিতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, একদিনে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় এই পরিমাণ ২৯ গুণ বেশি বলে জানিয়েছে এনডিটিভি।
২০০৫ সালের জুলাইয়ের পর শহরটিতে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড এটি। আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে শহরের বাসিন্দাদের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বুধবার শহরের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শহরের ওপর থেকে ঝড়ের প্রভাব সরে যেতে থাকায় বুধবার বৃষ্টির তীব্রতা অনেকটা কমে আসলেও আরো অন্তত ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করছেন তারা।
এর আগে ২০০৫ সালের জুলাইতে কয়েকদিনের টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অচল হয়ে পড়েছিল ভারতের বৃহত্তম শহরটি।
মঙ্গলবার ব্যাপক বৃষ্টিপাতের পাশাপাশি সাগরের পূর্ণ জোয়ারে শহরের কোনো কোনো অংশ পাঁচ ফুট পানির নিচে তলিয়ে যায়।
লোকাল ট্রেন সার্ভিস আবার চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যদিও অধিকাংশই নির্দিষ্ট সময়ের অনেক পরে ছেড়েছে। বৃষ্টির কারণে মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
এতে ট্রেনের ওপর নির্ভরশীল লাখ লাখ যাত্রী ভোগান্তিতে পড়ে। অনেকে স্টেশনগুলোতে আটকা পড়ে থাকেন। শত শত যাত্রী রেললাইনের ওপর জমে থাকা কোমর সমান পানির মধ্যে দিয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। পরে পানি সরার পর আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সারারাত ধরে ট্রেন চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।
মুম্বাই বিমানবন্দরে অন্তত ১০টি ফ্লাইট বাতিল করা হয়, বেশ কয়েকটির ফ্লাইটকে ঘুরিয়ে অন্যত্র পাঠানো হয় আর কয়েকটি নির্দিষ্ট সময়ের অনেক পরে রওনা হয়।
পরিস্থিতি বিবেচনায় ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে (এনডিআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজ শুরু করতে ডুবুরি ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতের নৌবাহিনী।
