মক্কায় হজযাত্রীদের সেবায় লক্ষাধিক কর্মী
এ বছর হজযাত্রীদের সেবায় এক লাখ ৩৮ হাজার কর্মী নিয়োগ দিয়েছে সৌদি আরব সরকার।
শনিবার রাতে মক্কায় কেন্দ্রীয় হজ কমিটির এক বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহবানতান এ তথ্য দেন।
অসুস্থ হজযাত্রীদের চিকিৎসার জন্য মক্কা, মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফায় সরকারি হাসপাতালের পাশাপাশি ১২৮টি স্বাস্থ্যকেন্দ্রে চার হাজারের বেশি বেড প্রস্তুত রাখা হয়েছে।
অসুস্থদের পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক অ্যাম্বুলেন্স।
মক্কা ও মদিনায় অসুস্থ হজযাত্রীদের স্থানান্তরের জন্য আরও ৪৫টি অ্যাম্বুলেন্স সর্বক্ষণ নিয়োজিত থাকবে; থাকছে তিনটি এয়ার অ্যাম্বুলেন্সও।
আসন্ন হজ উপলক্ষে সৌদি রেড ক্রিসেন্ট ১২শ'র বেশি স্থায়ী ও অস্থায়ী সেবা কেন্দ্র খুলেছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মক্কা ও মদিনার বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে প্রায় এক হাজার ৪০০ হজযাত্রীর অস্ত্রোপচারের ব্যবস্থাও করেছে সরকার।
