ব্রাসেলসে সৈন্যদের ওপর হামলা, হামলাকারী নিহত
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে এক ব্যক্তি চাপাতি নিয়ে দুই সৈন্যের ওপর হামলা চালানোর পর গুলিতে নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই হামলাকারী রাস্তায় আহত হওয়ার পর হাসপাতালে মারা যায়। আক্রান্ত সৈন্যদের একজনের মুখে চাপাতির কোপ লেগেছে, অপরজন হাতে আঘাত পেয়েছেন।
প্রকাশিত ছবির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাস্থলটি পুলিশ ও সেনারা ঘিরে রেখেছে।
গত বছর এক সন্ত্রাসী হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সৈন্যদের উপস্থিতি একটি সুপরিচিত দৃশ্য হয়ে উঠেছে।
বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, হামলাকারী ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিল না’, কিন্তু হামলা চালানোর সময় সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছে।
শুক্রবারের এই হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি ‘হঠাৎ দুটি বড় ধরনের শব্দ শুনেছেন তারপর অনেক সাইরেনের শব্দ পেয়েছেন’।
ব্রাসেলসের কেন্দ্রস্থলে এমিলি জ্যাকমেইন বুলভার্ডে হামলার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
গত বছরের মার্চে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হয়েছিল। এরপর জনগণকে সন্ত্রাসী হামলা থেকে সুরক্ষা দিতে করা পরিকল্পনার অধীনে শহরটির রাস্তায় সেনা মোতায়েন করা হয়। মোতায়েন করা সেনাদের একটি টহল দলের ওপর হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
