যুক্তরাষ্ট্রে হ্যাকিংয়ের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে ভ্রমণে এসে ম্যালওয়ার ছড়িয়ে লাখ লাখ মার্কিন নাগরিকের নিরাপত্তা তথ্য হ্যাকিংয়ের অভিযোগে চীনের এক নাগরিকে গ্রেপ্তার করা হয়েছে।
রয়টার্স জানায়, সোমবার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জু পিনগান নামে ওই চীনা নাগরিককে আটক করা হয়।
তার বিরুদ্ধে ‘সেকুলা’ নামের ম্যালিসিয়াস সফটওয়্যার ব্যবহার করে অন্যদের নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক মুখপাত্র।
বৃহস্পতিবারের অভিযোগে বলা হয়, জু এবং তার দল সেকুলা ব্যবহার করে অজ্ঞাতনামা অসংখ্য মার্কিন কোম্পানির তথ্য হ্যাক করে।
আগামী সপ্তাহে এ অভিযোগের শুনানি হবে।
জু’র আইনজীবি বলেন, তার মক্কেল একজন শিক্ষক এবং তার সঙ্গে চীনা সরকারের কোনো যোগসাজশ নেই।
“তিনি লস অ্যাঞ্জেলেসে এক সম্মেলনে যোগ দিতে এসেছেন। হ্যাকিংয়ের সঙ্গে আমার মক্কেলের কোনো ধরনের সম্পর্ক নেই।”
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জু’র বিরুদ্ধে যে ম্যালওয়ার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসেও (ওপিএম) একই ম্যালওয়ার ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
জু’র বিরুদ্ধে করা অভিযোগে ওপিএম হ্যাকের কথা উল্লেখ করা হয়নি।
তবে তাকে জিজ্ঞাসাবাদ করে ওই হ্যাকিংয়ের বিষয়ে জানা যেতে পারে ধারণা মার্কিন কর্মকর্তাদের।
ওপিএম হ্যাকিংয়ের জন্য চীন সরকারকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।
হ্যাকিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর নাম জানা যায়নি। তবে বিমান ব্যবস্থাপনা এবং জ্বালানি শিল্প প্রতিষ্ঠানগুলো হ্যাকিংয়ের লক্ষ্য ছিল বলে রয়টার্সের ধারণা।
মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মেয়ার বলেন, সফটওয়্যার ত্রুটি এবং জু’র বিরুদ্ধে আনা অভিযোগে যে ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেসের নাম দেয়া হয়েছে তার সঙ্গে মার্কিন টারবাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাপস্টোন টারবাইনে হ্যাকিংয়ের মিল আছে।
চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েক বছর ধরে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে ওপিএম হ্যাকিংও আছে বলে জানিয়েছে রয়টার্স।
এ সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করার কথাও আগে জানিয়েছিল বেইজিং।
