বাড়িতে টয়লেট না থাকায় স্বামীকে তালাক
বাড়িতে টয়লেট নির্মাণ না করায় স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ভারতীয় এক নারীকে।
বিবিসি জানিয়েছে, ২০ এর কোঠায় থাকা ওই নারীর বিবাহিত জীবনের বয়স পাঁচ বছর হওয়ার পরও তাকে নিকটবর্তী মাঠে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হত।
ভারতীয় আইন পারিবারিক সহিংসতা বা প্রমাণিত নিষ্ঠুরতার মতো অল্প কিছু ক্ষেত্রেই শুধু বিয়ে বিচ্ছেদের অনুমতি দিয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে ‘উন্মুক্ত জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য করাও এক ধরনের নির্যাতন’ বলে আদালত রায় দিয়েছে। ওই নারীর আইনজীবী একথা জানিয়েছেন।
রাজস্থান রাজ্যের ওই আদালত তার পর্যবেক্ষণে বলেছে, টয়লেট না থাকায় মাঠে গিয়ে প্রাকৃতিক কাজ সারার জন্য নারীদের প্রায়ই রাতের অপেক্ষায় থাকতে হয়।
টাইস অব ইন্ডিয়ার দেওয়া উদ্ধৃতিতে আদালত বলেছে, “আমরা তামাক, মদ ও মোবাইল ফোন কেনার জন্য অর্থ ব্যয় করি, কিন্তু পরিবারের সম্মান রক্ষার্থে টয়লেট নির্মাণ করতে পারি না।
“গ্রামগুলোতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নারীরা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হয়। এটি শুধু শারীরিক নিষ্ঠুরতাই নয়, একজন নারীর সম্মানহানিও।”
রাজস্থানের ওই নারী ২০১৫ সালে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছিলেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
উন্মুক্ত স্থানে প্রস্রাব ও মলত্যাগ ভারতের অনেক গ্রামীণ এলাকায় একটি প্রচলিত বিষয়। কিন্তু এ ধারা থেকে বের হয়ে আসার উদ্দেশ্যে ২০১৯ সালের মধ্যে সব বাড়িতে টয়লেটের নির্মাণের লক্ষ্য নিয়েছে ভারত সরকার।
গত বছর ইউনিসেফ এর এক হিসাবে দেখা গেছে, ভারতীয় জনসাধারণের অর্ধেক অংশই টয়লেট ব্যবহার করে না।
