২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ হারালেন ট্রাম্পের ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ ব্যানন 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের একের পর এক পদ হারানোর মধ্যে এবার বরখাস্ত হলেন হোয়াইট হাউজের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2017, 12:12 AM

Updated : 11 Oct 2022, 02:24 PM

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজে শুক্রবারই যে ব্যাননের শেষ দিন ছিল, প্রেস সেক্রেটারি সারা হাক্যাবি স্যান্ডার্স তা নিশ্চিত করেছেন।

ট্রাম্পের ভোটের প্রচারে ‘আমেরিকা ফার্স্ট’ দর্শনকে একটি আকৃতি দেওয়ার ক্ষেত্রে ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক নির্বাহী চেয়ারম্যান ডানপন্থি জাতীয়তাবাদী ব্যাননের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে ব্যানন এন্টি সেমেটিক ও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ ছিল সমালোচকদের।

শেষ পর্যন্ত হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির সঙ্গে আলোচনা করে চিফ স্ট্র্যাটেজিস্টের পদ ছাড়তে হল ব্যাননকে। 

স্টিভ ব্যানন হোয়াইট হাউজের অন্য পরামর্শক এবং ট্রাম্প পরিবারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়েছেন বলে খবর আসছিল আমেরিকার সংবাদ মাধ্যমগুলোতে।

এই গুঞ্জন গত সপ্তাহে আরও উসকে দেন ট্রাম্প নিজেই; এক সাংবাদিক ব্যাননের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমরা দেখব’।

তবে উদারপন্থি হিসেবে পরিচিত ম্যাগাজিন আমেরিকান প্রসপেক্ট-এ চলতি সপ্তাহে ব্যাননের একটি সাক্ষাৎকার ছাপা হাওয়ার পর তার বরখাস্ত হওয়ার বিষয়টি অবধারিত হয়ে ওঠে।

ওই সাক্ষাৎকারে ব্যানন দাবি করেন, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতাও তার রয়েছে। আর উত্তর কোরিয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনি একমত নন।

রয়টার্স লিখেছে, ওই সাক্ষাৎকার যে একজন সাংবাদিককে দিচ্ছেন, তা বুঝতে পারেননি বলে ব্যানন তার ঘনিষ্ঠজনদের কাছে দাবি করেছেন। তার ধারণা ছিল, তিনি কোনো অ্যাকাডেমিকের সঙ্গে কথা বলেছেন এবং পুরো বিষয়টি ছিল ‘অফ দ্য রেকর্ড’।

প্রেস সেক্রেটারি হাক্যাবি স্যান্ডার্সের বিবৃতিতে বলা হয়, “হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলি ও স্টিভ ব্যানন একমত হয়েছেন যে, শুক্রবারই হবে স্টিভের শেষ কর্মদিবস। তিনি যে দায়িত্ব এতদিন পালন করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমরা তার মঙ্গল কামনা করি।”