ওকলাহোমা সিটি ব্যাংকে গাড়িবোমা হামলায় পরিকল্পনায় আটক ১
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ওকলাহোমা সিটির একটি ব্যাংক উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ২৩ বছর বয়সী জেরি ড্রেক ভারনেলের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই, খবর বিবিসির।
ভারনেল ছদ্মবেশী তদন্তকারীদের জানিয়েছিলেন, তার পদক্ষেপে ‘সরকার গভীর সমস্যায় পড়বে’ এবং এতে ‘বিপ্লব’ ঘটবে বলে আশা করছিলেন তিনি।
তার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ বলা হয়েছে, শনিবার মধ্যরাতে একটি নকল বোমা স্থাপন করার উদ্যোগ নেয়ার পর ভারনেলকে গ্রেপ্তার করা হয়।
ফাইট ক্লাব সিনেমা ও ১৯৯৫ সালে ওকলাহোমা সিটিতে চালানো বোমা হামলা তাকে অনুপ্রাণিত করেছে বলে ছদ্মবেশী গোয়েন্দাদের জানিয়েছিলেন তিনি।
এফবিআই জানিয়েছে, ১২ অগাস্ট ভারনেল একটি কার্গো ভ্যান চালিয়ে ওকলাহোমা সিটির কেন্দ্রস্থলে ব্যাংকফার্স্ট এর সামনে আসেন; তার ধারণা ছিল তিনি কার্গো ভ্যানটি চুরি করেছেন এবং তাতে ৪৫৩ কেজি বিস্ফোরণ আছে।
এর কয়েকদিন আগে হামলার পর অনলাইনে পোস্ট করার উদ্দেশ্যে ভারনেল একটি বার্তা রেকর্ড করেছিলেন। হামলার দায় যেন ইসলামিক স্টেট (আইএস) বা এ ধরনের কোনো সন্ত্রাসী গোষ্ঠী দাবি করতে না পারে তার জন্য একটি বার্তা প্রস্তুত করে রাখা দরকার বলে এক ছদ্মবেশী গোয়েন্দাকে বুঝিয়েছিলেন তিনি।
এফবিআই জানিয়েছে, শনিবার রাতে তিনি ওই ব্যাংক ভবনটির পাশে একটি গলির মতো জায়গায় ভ্যানটি পার্ক করেন, এরপর মোবাইল ফোন থেকে একটি নম্বারে কল করার চেষ্টা করেন, ভেবেছিলেন কল করলেই বিস্ফোরণ ঘটবে।
ভারলেন যে বস্তুটিকে বোমা ভেবেছিলেন সেটি নিষ্ক্রিয় একটি বস্তু ছিল এবং তাতে জনসাধারণের বিপদ ঘটার কোনো সম্ভাবনা ছিল না বলে জানিয়েছেন এফবিআইয়ের কর্মকর্তারা।
ভারলেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।
১৯৯৫ সালে সরকার-বিরোধী চরমপন্থি টিমোথি ম্যাকভেইগ ওকলাহোমা সিটির একটি ফেডারেল ভবনে বোমা হামলা চালিয়েছিলেন। ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছিল।
এই হামলাটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশের ভিতরে বেড়ে ওঠা কোনো হামলাকারীর চালানো সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হয়।
