২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম জং উনকে গুয়াম ক্ষেপণাস্ত্র পরিকল্পনা ‘জানানো হয়েছে’

যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একটি পরিকল্পনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে জানানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2017, 10:38 AM

Updated : 11 Oct 2022, 02:23 PM

কিন্তু ‘গুয়ামকে আগুন দিয়ে ঘিরে ফেলার’ সিদ্ধান্ত নেয়ার আগে কিম যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেখে নিতে চান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে, খবর বিবিসির।

গত সপ্তাহে উত্তর কোরিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলোর ঘাঁটি গুয়ামের উপকূলীয় সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা তৈরি করছে তারা। 

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলার মধ্যে এ কথা জানিয়েছিল উত্তর কোরিয়া।  

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, “কিম জং উন পরিকল্পনাটি দীর্ঘ সময় ধরে পরীক্ষা করে দেখেছেন এবং উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছেন।”

প্রতিবেদনে আরো বলা হয়, ‘গুয়ামকে আগুন দিয়ে ঘিরে ফেলার প্রস্তুতি নেয়ার পর’ আদেশের জন্য অপেক্ষা করছেন উত্তর কোরিয়ার কৌশলগত বাহিনীর কমান্ডার। 

প্রতিবেদনে উল্লেখিত উদ্ধৃতিতে কিম জং উন বলেন, “বহু কৌশলগত পারমাণবিক উপকরণ প্রথম আমাদের কাছে নিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র, তাই সঠিক সিদ্ধান্তটা প্রথমে তাদেরই নেওয়া উচিত। যদি কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানোর ইচ্ছা তাদের থাকে এবং বিপজ্জনক একটি সামরিক সংঘাত ঠেকাতে চায় তাহলে পদক্ষেপের মাধ্যমে তাদের তা দেখানো উচিত।” 

অ্যাকশনে যাওয়া সিদ্ধান্ত নিলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো হামলা হলে দ্রুত যুদ্ধ ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, “যে কোনো সময় যে কোনো এলাকা থেকে আসা যে কোনো হামলা থেকে দেশকে রক্ষা করবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।” 

কোরীয় উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনায় উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া সংকটের একটি কূটনৈতিক সমাধান খোঁজার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন সফররত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল যোসেফ ডানফোর্ডকে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার শীর্ষ অগ্রাধিকার শান্তি এবং এতেই দেশটির জাতীয় স্বার্থ নিহিত।

পাশাপাশি ‘উস্কানি ও শত্রুতামূলক সব বাগাড়ম্বর’ বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।