২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরের জন্য নিশ্চুপ হচ্ছে বিগ বেন

সংস্কার কাজের জন্য আগামী চার বছরের বেশিরভাগ সময়ই নিশ্চুপ থাকবে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ঘড়ি ‘বিগ বেন’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 08:23 PM

Updated : 12 Apr 2022, 12:08 AM

হাউজ অব কমন্সের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে ২১ অগাস্ট দুপুর থেকে বিগ বেনের ঘণ্টা বাজা বন্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

গত ১৫৭ বছর ধরে প্রতি ঘণ্টায় ঢং ঢং আওয়াজ তুলে সময়ের জানান দিয়ে যাচ্ছে বিগ বেন।

১৮৫৮ সালে গর্বের প্রতীক হিসাবে লন্ডনের প্রাণকেন্দ্রে দাঁড় করানো হয়েছিল বিগ বেনকে । চতুর্মুখী এই ঘড়ি ব্রিটেনের ঐতিহ্য বহন করছে। বছরের পর বছর ধরে সময়ের জানান দিয়ে আসতে আসতে আজ জরাজীর্ণ হয়ে পড়েছে বিগ বেন। নড়বড়ে হয়ে পড়েছে কলকব্জা। আর তাই এটিকে সারিয়ে তোলার প্রক্রিয়া চলছে।

তবে সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হলেও নিউ ইয়ারের মত বিশেষ বিশেষ মুহূর্তে বাজবে বিগ বেন।

বিগ বেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্টিভ জাগস বলেন, “ঘড়িটির আয়ু আরও দীর্ঘ করতে এটি সংস্কারের জরুরি এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটির বাড়ি এলিজাবেথ টাওয়ার এর সুরক্ষায় সেখানেও সংস্কার কাজ করা হবে।”

লন্ডনে টেমস নদীর পাড়ে ওয়েস্টমিন্সটার প্যালেসে অবস্থিত এলিজাবেথ টাওয়ারের বিগ বেন বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি।

মূল ঘড়িটি সারানোর কাজ চলার সময়ে সেখানে একটি ঘড়ি চালু রাখা হবে। সেটি সবসময়ই দেখা যাবে এবং নীরবে সময় জানাবে বলে জানানো হয়েছে খবরে।