ফ্রান্সে সেনাদের ওপর হামলার পর একজন আটক
ফ্রান্সের রাজধানী প্যারিসে একদল সেনার উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। একটি বিএমডব্লিউ গাড়ির খোঁজে পুলিশী অভিযাও চলছে।
বিএফএমটিভির খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে প্যারিসের শহরতলী লিভালুয়া-পেলহেতে একটি সেনা ব্যারাকের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনায় ছয় সেনা আহত হয়েছে, যাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
ঘটনা তদন্তে সন্ত্রাস দমন বিভাগ কাজ করছে বলেও জানান প্যারিস কৌঁসুলি।
২০১৫ সালের নভেম্বরের পর থেকে ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা চলছে।
ওই বছর ১৩ নভেম্বর প্যারিসের একটি নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়।
তারপর থেকে দেশটিতে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
স্থানীয় মেয়র প্যাট্রিক বালকানি বলেন, “এই ঘটনা যে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে সে বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।”
“সড়কে একটি বিএমডব্লিউ ব্যারাক থেকে সেনাদের বাইরে বেরিয়ে আসার অপেক্ষা করছিল। যখনই সেনাদের সড়কে দেখা যায়, সে দ্রুতগতিতে তাদের উপর গাড়ি উঠিয়ে দেয়।”
ঘটনাস্থলের কাছেই একটি ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, “আমি ধাতব ঘর্ষণের বিকট শব্দ শুনতে পাই। আমি গুরুতর আহত একজনকে সেনাদের গাড়ির সামনে পড়ে থাকতে দেখি। সেটির পাশে আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল।”
আহতদের স্থানীয় একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
