২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি না ছাড়ায় স্ত্রীর শিরশ্ছেদ!

চাকরি না ছাড়ায় স্ত্রীর শিরশ্ছেদ করেছেন স্বামী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 08:39 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

পুলিশ বলেছে, নিহত ৩৭ বছর বয়সী নাসরিন; তিন সন্তানের মা। লাহোর থেকে ৪১ কিলোমিটার দূরের মঙ্গা মন্ডি এলাকায় তার মাথা বিচ্ছিন্ন দেহ খুঁজে পাওয়া যায়।

পাকিস্তানের দৈনিক ‘ডন’ এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া, পুলিশ প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও রেকর্ড করেছে।

নাসরিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমগুলোকে সাদ্দার বিভাগের এসপি মাহের মুমতাজ বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, নিহতের স্বামী আফরাহিমই তাকে হত্যা করেছে।”

“নিহত নারী একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু তার স্বামী তার কাজ করা পছন্দ করতেন না এবং তাকে কাজ ছেড়ে দিতে বলেছিলেন। কিন্তু স্বামীর ইচ্ছার বিরুদ্ধে তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন।”

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ঘুমন্ত অবস্থায় নাসরিনকে হত্যা করা হয়েছে।

হত্যার পর হত্যাকারী ঘরের দরজা আটকে পালিয়ে যায়। পরে নাসরিনের সন্তানরা প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে তাকে মৃত দেখতে পায়।

নিহতের স্বামীকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।