যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন আরও কঠোর হচ্ছে
মূল্যায়ন প্রক্রিয়া আরও কঠোর করতে নতুন প্রশ্ন সম্বলিত যুক্তরাষ্ট্রের ভিসা ফরম স্থায়ী করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এই প্রক্রিয়ায় ভিসা আবেদনকারীদের এখন থেকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য, বিস্তারিত জীবনবৃত্তান্ত এবং ভ্রমণ ইতিহাস সম্পর্কিত তথ্য জানাতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভিসা নীতির অংশ হিসেবে এ বছর মে মাসে ভিসা আবেদন ফরমে নতুন কিছু প্রশ্ন যোগ করা হয়।
নতুন ফরমে আগের সবগুলো পার্সপোর্টের নম্বর, শেষ পাঁচ বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কিত তথ্য (ইমেইল অ্যাড্রেস ও ফোন নম্বরসহ), গত ১৫ বছরের জীবনযাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য (এ সময় কোথায় বসবাস করেছে এবং কাজ করেছে তার পূর্ণ ঠিকানা) এবং ভ্রমণ ইতিহাস সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
তবে মে মাসের পর থেকে নতুন এই ভিসা ফরম কতবার ব্যবহার করা হয়েছে বা কোনো দেশের নাগরিকদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেডারেল রেজিস্টারে এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য নতুন এই ভিসা ফরম স্থায়ী করার অনুমতি চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন এই যাচাই-বাছাই প্রক্রিয়ার অর্থ- সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অথবা অন্যান্য কারণে ভিসার পাওয়া অযোগ্য ব্যক্তিদের আবেদন আরও কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।”
যদিও নতুন করে যুক্ত হওয়া এই সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। তবে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ আবেদনকারীদের ক্ষেত্রে তাদের ভিসা পেতে দেরি বা আবেদন বাতিল হয়ে যেতে পারে বলে ফরমে উল্লেখ আছে।
গত মার্চে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প।
কয়েক মাসের আইনী লড়াইয়ের পর জুনে দেশটির সুপ্রিম কোর্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের পক্ষে রায় দেয়।
