২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পুড়ল দুবাইয়ের টর্চ টাওয়ার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 09:11 AM

Updated : 19 Aug 2022, 05:13 PM

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের মেরিনা এলাকায় শুক্রবার প্রথম প্রহরে ১১০৫ ফুট উঁচু ওই ভবনে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ভোর ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।

দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনগুলোর অন্যতম এই টর্চ টাওয়ারে কীভাবে আগুনের সূত্রপাত হল, কর্তৃপক্ষ তা জানাতে পারেনি।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়,  ভবনটির নিচ থেকে উপর পর্যন্ত জ্বলছে। উপর থেকে খসে পড়ছে জ্বলন্ত অংশ।

 

বিবিসি জানিয়েছে, ২০১১ সালে চালু হওয়া এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুই বেডরুমের এক একটি ফ্ল্যাটের দাম পাঁচ লাখ ডলারের বেশি।

এর আগে ২০১৫ সালে আগুন লেগে টর্চ টাওয়ারের ৫১ তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়।