২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নেত্রীদের অশ্লীল এসএমএস পাঠান ইমরান খান!

প্রেম ও বিয়ে নিয়ে অতীতে বহুবার বিতর্কে জড়ালেও পাকিস্তানের এক সময়ের ক্রিকেট তারকা ইমরান খানের রাজনীতি জীবনে এমন কদর্য অভিযোগ আগে শোনা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 05:50 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

এবার ইমরানের বিরুদ্ধে নারী কর্মীদেরকে ‘অশ্লীল এসএমএস’ পাঠানোর অভিযোগ এনেছেন তারই দলের নেত্রী আয়েশা গুলালাই।

এ ঘটনার প্রতিবাদে গুলালাই এক সংবাদ সম্মেলনে দল ছাড়ারও ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য আয়েশা গুলালাই সংবাদ সম্মেলনে বলেন, পিটিআই- তে নারীদের সম্মান সুরক্ষিত নেই। নূন্যতম আত্মসম্মান বোধ সম্পন্ন কোনও নারীর পক্ষেই এ দলে থাকা সম্ভব নয়।

গুলালাইয়ের দাবি, ২০১৩ সালের অক্টোবরে তাকে ব্ল্যাকবেরি থেকে প্রথম অশ্লীল মেসেজ পাঠান ইমরান। এরপর থেকে তাকে বরাবরই অশালীন মেসেজ পাঠানো হয়ে আসছে। নিজের আত্মসম্মান এবং মর্যাদার প্রশ্নে কোনও আপোস করা সম্ভব নয় বলেই তিনি দল ছেড়েছেন।

গুলালাই অভিযোগ করে আরও বলেন, পার্টির অন্যান্য নেত্রীদেরকেও ইমরান অশালীন এসএমএস পাঠান। মেসেজগুলো পড়ে শোনাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, “এগুলো এতই অশোভন যে তা কারও পক্ষেই সহ্য করার মত নয়।”

ইমরান কে চরিত্রহীন আখ্যা দিয়ে গুলালাই বলেন, “তার মানসিক সমস্যা আছে এবং কাউকে তার চেয়ে ভাল করতে দেখলে তিনি ঈর্ষান্বিত হন।”

খাইবার-পাখতুনখাওয়ায় পিটিআই সরকারের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ করেছেন গুলালাই। সেখানকার মুখ্যমন্ত্রী পারভেজ কত্থক মাফিয়া বসের মতো কাজ করছেন বলেও গুলালাই অভিযোগ করেছেন।

তবে গুলালাইয়ের সব অভিযোগ উড়িয়ে দিয়ে পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরি বলেছেন, টাকার বিনিময়ে গুলালাই নওয়াজ শরিফের শাসকদল পিএমএল (এন)-এর কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন।

ওদিকে, পিটিআই এর চিফ হুইপ শিরিন মাজারিও সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ভোটের টিকিট না পেয়েই পার্টি নেতা ইমরানের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ করেছেন গুলালাই।