লস্করের শীর্ষ নেতা দুজানা যেভাবে ধরা পড়ল
মাসের পর মাস তাকে অনুসরণ করেছে পুলিশের বিশেষ বাহিনী। যতবারই তাকে ধরতে যাওয়া হয়েছে, প্রত্যেকবারই পুলিশের চোখকে ফাঁকি দিতে পেরেছেন লস্কর-ই-তৈয়বার কমান্ডার আবু দুজানা।
মঙ্গলবার সকালে তাই কোনো সুযোগ দেয়নি নিরাপত্তা বাহিনী। ২৮ বছর বয়সী লস্কর কমান্ডার স্ত্রীকে দেখতে নিয়মিতই উপত্যাকার একটি বাড়িতে যাচ্ছেন, গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য পেয়েই অভিযানে যায় ভারতীয় পুলিশ।
এরপর দুই পক্ষের গোলাগুলি থামতে চার ঘণ্টার বেশি লাগেনি, আর তাতেই পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম এ শীর্ষ নেতা নিহত হন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
পুলওয়ামা জেলার হাকরিপুরা এলাকায় সংঘটিত ওই বন্দুকযুদ্ধে দুজানার এক সহযোগীও নিহত হন বলে জানিয়েছিল এনডিটিভি।
দুজানা কাশ্মীর উপত্যকা লস্করের কমান্ডার ছিলেন, কিন্তু কয়েক মাস আগে সংগঠনের মধ্যে পদমর্যাদা নিয়ে বিরোধের জেরে তাকে নিরস্ত্র করে তার দল।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘সন্ত্রাসী’ তালিকায় লস্কর ই তৈয়বা, জইশ ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের অন্যান্য শীর্ষ নেতার পাশাপাশি দুজানার নামও ছিল।
এর আগে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি অভিযান থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন দুজানা। মে মাসে নিরাপত্তা বাহিনীর একটি অভিযান চলাকালে উত্তেজিত জনতা পাথর নিক্ষেপ শুরু করলে সেই সুযোগে তিনি পালিয়ে গিয়েছিলেন।
পাকিস্তানে জন্ম নেওয়া দুজানা ভারতে ৭ বছর ধরে কর্মকাণ্ড চালিয়েছেন, কাশ্মীরের কোনো বিচ্ছিন্নতাবাদীর জন্য এটি দীর্ঘ সময় বলে জানিয়েছে এনডিটিভি।
বেশিরভাগ কমান্ডাররাই ২-৩ বছরের বেশি টিকতে পারেনা।
দুজানার পরিকল্পনাতেই গত বছর ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হয় বলে নিরাপত্তাবাহিনীর ধারণা; ওই হামলায় ৮ নিরাপত্তারক্ষী নিহত হন।
“এখানে সে-ই (দুজানা) দীর্ঘসময় ধরে বেঁচে থাকা বিদেশি সন্ত্রাসী, যে বারবার আমাদের হাত থেকে ফসকে যাচ্ছিল; শেষ পর্যন্ত আমরা তাকে ধরতে পেরেছি,” এনডিটিভিকে বলেছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এজন্য বিশেষ একটি দলকে কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। কাশ্মীর থেকে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর নেতাদের হটাতে বিশেষ ওই দলটি কাজ করছে বলে জানান তারা।
চলতি বছর দক্ষিণ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকাগুলোতে ওই দলের সদস্যদের হাতে ৩৯ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি নিরাপত্তা কর্মকর্তাদের।
বিচ্ছিন্নতাবাদীরা দক্ষিণ কাশ্মীরের কিছু এলাকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এমন খবর পেয়েই পুলিশকে এই বিশেষ দল বানাতে মনোযোগী হতে হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এর ফলেই জুনে লস্কর কমান্ডার জুনাইদ মাত্তো এবং পরের মাসে আরেক কমান্ডার বশির লস্করি জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে মারা পড়েন।
“পুলওয়ামাতে লস্করের দুটি ভাগ আছে; যার নেতৃত্বে আছে কমান্ডারখ্যাত আবু দুজানা ও আইয়ুব লোন। দুজনেরই খোঁজ করছিলাম। আজ দুজানাকে পাওয়া গেলো,” বলেন নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা।
দুজানার জন্ম পাকিস্তানে হলেও লস্করের অপরের অংশের নেতা আইয়ুব লোন জম্মু ও কাশ্মীর রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর ধারণা, কেবল দক্ষিণ কাশ্মীরেই সক্রিয় আছে ৯০ থেকে ১০০ জঙ্গি; কাশ্মীরজুড়ে এই সংখ্যা আড়াইশর কাছাকাছি বলে ধারণা তাদের।
