রাশিয়ার আদালতে গুলিতে নিহত ৩
রাশিয়ার রাজধানী মস্কোর একটি আদালতে গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
বিচারের জন্য ওই ব্যক্তিদেরকে শুনানিতে নিয়ে যাওয়ার সময় তারা নিরাপত্তা কর্মকর্তাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা চালালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অপরাধীদের পরিচয় প্রকাশ না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডাকাতির অভিযোগে অভিযুক্তদেরকে আদালতের শুনানিতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
মস্কোর আঞ্চলিক একটি আদালত ভবনে নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে লিফটে ওঠানো হয়েছিল ৫ জনকে। আর তখনই তারা নিরাপত্তা কর্মীদের ওপর চড়াও হয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
পরে তারা পালানোর চেষ্টা করলে গুলিতে তিনজন নিহত হয়। বাকী দুই অভিযুক্ত এবং তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। এ ঘটনার পর আদালত ভবন কিছু সময়ের জন্য খালি করে দেওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রপরিচালিত তাস বার্তা সংস্থা বলেছে, ওই পাঁচ ব্যক্তি জিটিএ গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ আছে। মধ্য এশিয়ার নাগরিকদের নিয়ে গঠিত এই গ্যাংটির বিরুদ্ধে মস্কোয় ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।
