২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছর ফের হজে যাচ্ছেন ইরানিরা

সৌদি আরবের সঙ্গে সৃষ্ট উত্তেজনায় গত বছর হজ বর্জন করার পর চলতি বছর ফের হজ পালন করতে যাচ্ছেন ইরানিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 01:41 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

দ্য ডন জানিয়েছে, এ বছর প্রায় ৯০ হাজার ইরানি পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার প্রায় ৮০০ ইরানি হজযাত্রীর তিনটি ফ্লাইটে মদিনার উদ্দেশ্যে দেশ ছাড়বেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন ইরানের হজ সংস্থার পরিচালক নাসরুল্লাহ ফারাহমান্দ।

তিনি জানিয়েছেন, চলতি বছর মোট ৮৬ হাজার ৫০০ জন ইরানি হজে শরিক হবেন হবে ধারণা করা হচ্ছে। হজ চলার সময় এদের সহায়তা করতে আরো ৮০০ ইরানি সমন্বয়ক সৌদি আরব যাবেন বলেও জানিয়েছেন তিনি।  

২০১৫ সালে হজের সময় মক্কায় পদদলিত হয়ে কয়েকশত ইরানি নিহত হওয়ার পর সৃষ্ট কূটনৈতিক বিরোধের জেরে গত বছর হজ বর্জন করেছিল ইরান। কয়েক দশক ধরেই আঞ্চলিক আধিপত্য নিয়ে ইসলামি ধারার গণতান্ত্রিক দেশ ইরানের সঙ্গে বাদশা শাসিত সুন্নি সৌদি আরবের বিরোধ বিদ্যমান। হজের সময় ইরানি হজযাত্রীদের নিয়ে প্রায়ই দেশ দুটির মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।

রোববার হজ সংস্থায় দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি কখনোই ২০১৫ সালের বিপর্যয়ের কথা ভুলে যাবে না। ভাষণে তিনি সব হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “যে দেশে দুটি পবিত্র মসজিদ অবস্থিত, হাজিদের নিরাপত্তা বিধান করা সেই দেশেরই দায়িত্ব।”

২০১৬-র জানুয়ারিতে সৌদি আরব দেশটির একজন শীর্ষ শিয়া ইমামের মৃত্যুদণ্ড কার্যকর করে, এর জেরে ইরানি বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে একটি প্রতিনিধি দল পাঠায় ইরান। দলটির অধিকাংশ সদস্যই সুন্নি ছিল। এদের সফরের পর ইরানিদের ফের হজে ফেরার প্রক্রিয়া শুরু হয়।

তবে এসব সত্বেও ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে তীব্র পর্যায়ে রয়েছে।