কাশ্মীরে গোলাগুলিতে ‘২ বিচ্ছিন্নতাবাদী নিহত’
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শীর্ষ ফেরারিদের অন্যতম লস্কর ই তৈয়বার নেতা আবু দুজানা ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাজ্যের পুলওয়ামা জেলার হাকরিপুরা এলাকায় সংঘটিত ওই বন্দুকযুদ্ধে দুজানার এক সহযোগীও নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকার একটি বাড়িতে সহযোগী আরিফ লিলহারি ও আরো দুজন বিচ্ছিন্নতাবাদীকে নিয়ে লুকিয়ে ছিলেন দুজানা, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
এ সময় বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ শুরু করে।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, বন্দুক লড়াই এখনও চলছে এবং লাশ পেয়ে শনাক্ত না করা পর্যন্ত কোনো বিচ্ছিন্নতাবাদীর নিহতের বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়।
দুজানা কাশ্মীর উপত্যকা লস্করের কমান্ডার ছিলেন, কিন্তু কয়েক মাস আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির মধ্যে পদমর্যাদা নিয়ে বিরোধের জেরে তাকে নিরস্ত্র করে তার দল।
ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলোর তৈরি করা লস্কর ই তৈয়বা, জইশ ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ‘সন্ত্রাসীদের’ তালিকায় দুজানার নাম ছিল।
বিভিন্ন সূত্র এনডিটিভিকে জানিয়েছে, এর আগে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি অভিযান থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন দুজানা। এর মধ্যে মে মাসে নিরাপত্তা বাহিনীর একটি অভিযান চলাকালে উত্তেজিত জনতা পাথর নিক্ষেপ শুরু করলে সেই সুযোগে তিনি পালিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
