২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর হোন: চীন-রাশিয়াকে জাপান

উত্তর কোরিয়ার  ক্ষেপণাস্ত্র মোকাবেলায় চীন ও রাশিয়াকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানোর কথাও বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 05:43 PM

Updated : 25 Jul 2022, 09:01 PM

সোমবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় পঞ্চাশ মিনিটের ফোনালাপের পর সাংবাদিকদের একথা বলেন আবে।

দুই দিনে আগে উ. কোরিয়া শক্তিশালী আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলে তা জাপানের জলসামীর কাছে অথনৈতিক অঞ্চলে পড়ে। এর আগেও দেশটির কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্রমেই জাপানের প্রতি হুমকি বাড়ছে।

শিনজো আবের আগে কয়েকটি টুইটার পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন “আমি চীনকে নিয়ে খুবই হতাশ... তারা উত্তর কোরিয়াকে নিয়ে আমাদের জন্য কিছুই করছে না। আমরা এ অবস্থা চলতে দেব না। চীন সহজেই এ সমস্যা সমাধান করতে পারে।”

সোমবার টোকিওয় সাংবাদিকদের শিনজো আবে বলেন, “উত্তর কোরিয়ার গোয়াত্তামির বিরুদ্ধে আমরা দুই দেশ কঠোর হচ্ছি। ক্রমাগত ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উত্তর কোরিয়া শুধু জাপানকে হুমকি দিচ্ছে না। পুরো বিশ্বকে আঙুল দেখাচ্ছে। এটি মেনে নেয়া যায় না। যেকোন মূল্যে আমরা উত্তর কোরিয়ার আগ্রাসন ঠেকাব।”

শিনজো আবে ও ট্রাম্পের কথোকপথনের কথা জানিয়ে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বলেছে, উত্তর কোরিয়াকে দমাতে যেকোন ধরনের পদক্ষেপেই যুক্তরাষ্ট্র সরকারকে সহায়তা করবে জাপান।

ওদিকে, ট্রাম্প বলেছেন, তার সরকার জাপানের নিরাপত্তার সুরক্ষায় শতভাগ কাজ করবে। জাপানিদের ভয়ের কোন কারণ নেই বলেও তিনি আবেকে আশ্বস্ত করেন।

অন্যদিকে, আবে বলেন, “উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাপান-যুক্তরাষ্ট্র তথা বিশ্বশান্তি রক্ষায় সরাসরি হুমকি স্বরুপ। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ অবশ্যই বন্ধ করতে হবে। আর এজন্য বিশ্ব সম্প্রদায়কে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের উচিত হবে দ্রুত উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা।

জাপানিদের নিরাপত্তার জন্য আবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে সাংবাদিকদের জানান তিনি।