২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব সফরে ইরাকি শিয়া নেতা সদর

সৌদি আরবে বিরল এক সফর করেছেন ইরাকের শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী হুজুর মুকতাদা আল সদর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jul 2017, 01:24 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

রোববার সফরকালে তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

ইরাকের রাজধানী বাগদাদে ও দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে সদরের প্রচুর অনুসারি আছে। যুক্তরাষ্ট্র বিরোধী এই নেতা শরিয়া আল ইসলাম নামের একটি বেসামরিক বাহিনীর কমান্ডার।

সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী বন্দর শহর জেদ্দায় তিনি সৌদি আরবের ভবিষ্যৎ বাদশা যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দুজন বেশ কিছু অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন বলে এসপিএ-র প্রতিবেদনে বলা হয়েছে।  

মধ্যপ্রাচ্যের শিয়া মুসলিম শক্তি ইরান ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি-শাসিত মুসলিম দেশগুলোর মাঝে ইরাকের অবস্থান।  

প্রায় ২৫ বছর পর ২০১৫ সালে বাগদাদে পুনরায় নিজেদের দূতাবাস খুলে সৌদি আরব। চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বিরল এক সফরে বাগদাদ গিয়েছিলেন।

প্রতিবেশী আরব দেশগুলোর মধ্যে বিদ্যমান নাজুক সম্পর্কের উন্নয়ন ঘটানো ও কৌশলগত মিত্রতা উন্নয়নের লক্ষ্যে গত মাসে সমন্বয় কাউন্সিল স্থাপনের ঘোষণা দিয়েছে ইরাক ও সৌদি আরব।