২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ‘উড়োজাহাজ ভূপাতিত করার পরিকল্পনা’ নস্যাৎ

অস্ট্রেলিয়ার কাউন্টার টেররিজম পুলিশ ‘একটি উড়োজাহাজ ভূপাতিত করার পরিকল্পনা’ নস্যাৎ করে দিয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 09:40 AM

Updated : 11 Oct 2022, 02:19 PM

ওই পরিকল্পনায় জড়িত সন্দেহে সিডনিজুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

তদন্তকারীরা বলছেন, সন্ত্রাসীরা একটি ‘ইম্প্রোভাইজড ডিভাইস’ ব্যবহার করে উড়োজাহাজে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে।  

এ ঘটনার পর অস্ট্রেলিয়ার সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন।

Image
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার এন্ড্রু কভিন এক সংবাদ সম্মেলনে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি এমন তথ্য পান যে, সিডনির কিছু লোক আইইডি ব্যবহার করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।”

তবে কবে, কখন, কোথায় ওই হামলা করা হত, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। 

এবিসি টেলিভিশন জানিয়েছে, সিডনির সারে হিলস, লাকেম্বা, ওয়ালি পার্ক ও পাঞ্চবোলে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে।

এর মধ্যে সারে হিলসের এক নারী এবিসি টেলিভিশনকে বলেছেন, তার স্বামী ও ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা জঙ্গিবাদে জড়িত নয় বলেও দাবি করেছেন তিনি।