হাম্বানটোটা বন্দরের উন্নয়নকাজ পাচ্ছে চীন
শ্রীলঙ্কা তাদের দক্ষিণাঞ্চলের গভীর সমুদ্রবন্দর হাম্বানটোটার নিয়ন্ত্রণ ও উন্নয়নকাজ চীনকে দিতে যাচ্ছে।
১১০ কোটি ডলারের বিনিময়ে চীনের রাষ্ট্র পরিচালিত একটি কোম্পানির সঙ্গে শ্রীলঙ্কার এ চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
বেইজিং বন্দরটি সামরিক কাজে ব্যবহার করতে পারে এমন উদ্বেগের কারণে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরও কয়েক মাস ধরে চুক্তি সম্পাদনের কাজটি আটকে আছে।
এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথে অবস্থিত বন্দরটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের নিশ্চয়তা দিয়েছে চীন সরকার।
এ বন্দর তাদের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলঙ্কার এ গভীর সমুদ্রবন্দর চীনের হাতে যাওয়ায় ভারত এবং জাপান দুশ্চিন্তাগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা; সামরিক এবং অর্থনৈতিক বিবেচনায় এই দুটি দেশ কয়েকদশক ধরে বেইজিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে শ্রীলঙ্কার অবকাঠামো নির্মাণে কয়েক মিলিয়ন ডলার খরচ করেছে চীন।
চুক্তির খসড়াতে ৯৯ বছরের জন্য বন্দরের লিজের পাশাপাশি হাম্বানটোটার কাছাকাছি এলাকায় শিল্পায়নের জন্য রাখা প্রায় ১৫ হাজার একর জমি পাবে চীনা কোম্পানিটি; এ থেকে থেকে পাওয়া অর্থ দিয়ে বিদেশি ঋণ শোধ করা হবে বলে জানিয়েছে কলম্বো।
চুক্তি বাস্তবায়নে ওই এলাকার কয়েকহাজার গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা।
বিরোধীদের দাবি, হাম্বানটোটার নিয়ন্ত্রণ চীনকে দেওয়ার অর্থ হলো অঞ্চলটিকে বেইজিংয়ের কলোনীতে পরিণত করা; চীনের নৌবাহিনী এই বন্দরকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা তাদের।
