সরকারবিরোধী প্রতিবাদ: বেইজিংয়ে ৬৭ জন আটক
সামাজিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে রাজধানী বেইজিং থেকে ৬৭ জনকে আটক করেছে চীনের পুলিশ।
একটি দাতব্য প্রতিষ্ঠান সরকারের ‘অন্যায় লক্ষ্যবস্তুতে’ পরিণত হয়েছে দাবি করে আটককৃতরা বিক্ষোভ করার জন্য বেইজিংয়ে জড়ো হয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ধরনের সরকারবিরোধী বিক্ষোভ বেইজিংয়ের জন্য একটি বিরল ঘটনা।
প্রতিবছর চীনজুড়ে দূষণ থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত নানান বিষয়ে হাজারো বিক্ষোভ অনুষ্ঠিত হয়, কিন্তু বেইজিংয়ে বিক্ষোভের ঘটনা বিরল।
চীনা কমিউনিস্ট পার্টি সবকিছুর ওপর স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়ায় দেশের অপরাপর অংশের ওই বিক্ষোভগুলোও নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যদের দিয়ে ঘেরা থাকে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, গত সপ্তাহের শেষদিকে পুলিশ শানজিনহুই কোম্পানির কয়েকজন নির্বাহীকে দরিদ্রদের জন্য অর্থ উত্তোলনের নামে মানুষের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার করে।
ওই গ্রেপ্তারের প্রতিবাদ জানাতেই বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল আটককৃতরা। এ কারণে দক্ষিণ বেইজিংয়ের একটি ব্যস্ত সড়ক বন্ধ করে দিতে হয় বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে বেইজিং পুলিশ।
আটককৃতদের মধ্যে যাদেরকে হুমকি মনে হয়নি এবং যারা অনুশোচনা করেছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। বাকিদের বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
তবে আটক ৬৭ জনের মধ্যে কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে আর কতোজনকে বিচারের আওতায় নেওয়া হবে তা জানায়নি পুলিশ।
চীনের সরকার ধারাবাহিকভাবে আর্থিক অপরাধ ও জালিয়াতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
কর্তৃপক্ষ গত বছর অনলাইন জালিয়াতির অভিযোগে পিয়ার-টু-পিয়ার ঋণদাতা প্রতিষ্ঠান এজুবাও বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি নয় লাখ বিনিয়োগকারীর কাছ থেকে ৫০ বিলিয়ন ইউয়ান নিয়েছিল বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
