২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মেলার রাইড থেকে পড়ে মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি মেলায় রাইড দুর্ঘটনায় একজন নিহত ও অপর সাতজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Jul 2017, 12:04 PM

Updated : 12 Apr 2022, 12:01 AM

বুধবার অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে শুরু হওয়া ওহাইও স্টেট ফেয়ারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

‘ফায়ার বল’ নামের একটি রাইড চলার সময় রাইডটির উন্মুক্ত সিটগুলোর একটি অংশ ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তারা। এতে ওই আসনের যাত্রীরা শূন্যে নিক্ষিপ্ত হন।

এ ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হন বলে ওহাইওর গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় দমকলের কর্মকর্তারা। ওই কর্মকতাদের মধ্যে একজন জানিয়েছেন, শূন্যে নিক্ষিপ্ত ওই তরুণ রাইডটি থেকে ৫০ ফুট নিচে পড়ে যান।   

আহত অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনার পর মেলার সব রাইড বন্ধ রেখে সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যের গভর্নর জন কাসিচ।

দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ উল্লেখ করে তিনি বলেছেন, “আমাদের রাজ্যের মানুষদের জন্য এটি খুব কঠিন একটি দিন, কঠিন একটি রাত।”