নতুন মার্কিন নিষেধাজ্ঞা পরমাণু চুক্তির লঙ্ঘন: ইরান
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
তেহরান এ নিষেধাজ্ঞা প্রতিহত করবে বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টিভি এ খবর দিয়েছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেওয়ার অভিযোগে মঙ্গলবার ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির অপতৎপরতা সমর্থনকারী ১৮ প্রতিষ্ঠান ও ব্যক্তি এ নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।
ইরানের রাষ্ট্রীয় টিভি রুহানির বরাত দিয়ে বলেছে, “আমেরিকানদের কিছু কর্মকান্ড পরমাণু চুক্তির শক্তির বিরুদ্ধে। আমরা এই সমস্ত পরিকল্পনা এবং কর্মকান্ড প্রতিহত করব।”
রুহানি আরও বলেন, “আমেরিকানদের একটি চক্রান্ত হচ্ছে এমনভাবে কাজ করা যাতে ইরানকে বলতে হয় যে, তারা তাদের প্রতিশ্রুতি মেনে চলছে না... আমি মনে করি আমেরিকানরা ব্যর্থ হবে। কারণ আমরা সবসময়ই আমাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতি মেনে চলব।”
