২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ২

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে দুইজন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 03:15 PM

Updated : 11 Apr 2022, 11:58 PM

মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপর পাশে ভারতীয় অংশ থেকে সামাহনি সেক্টরের ভিমবার এবং নকিয়াল সেক্টরের কোটলি জেলায় গুলি চালানো হয় বলে পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানিয়েছে।

কোনো ধরনের ‘উসকানি ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় বাহিনী এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। 

ভিমবার জেলার ডেপুটি কমিশনার চৌধুরী গুফতার হুসেইন বলেন, “রাত প্রায় ১টার দিকে সামাহনি সেক্টরের দিকে বেসামরিকদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ভারতীয় বাহিনী। ছোট ও বড় নানা ধরনের আগ্নেয়াস্ত্র দিয়ে তারা সীমান্তরেখার পাশের প্রায় সব গ্রামেই হামলা চালায়।

গুলিতে টান্ডার গ্রামের নয় বছরের শিশু আর্সলান এবং গোরাহ গ্রামের ৪২ বছর বয়সী ইয়াসিরা বিবি নিহত হন বলে গুফতার জানিয়েছেন। আহত হন ৯ জন, তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন গুফতার।

“থেমে থেমে গোলাবর্ষণ হওয়ায় সত্যিকারের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা নিরুপণ করা সম্ভব হয়নি,” বলেন তিনি।

কোটলি জেলার পুলিশ কর্মকর্তা খুরশিদ আহমেদ জানান, মঙ্গলবার মাঝরাতের পর নকিয়াল সেক্টরেও ভারতীয় বাহিনীর হামলা শুরু হয়।

থেমে থেমে করা ওই গোলাবর্ষণ পরদিন দুপুর পর্যন্ত চলে, এতে বিভিন্ন গ্রামের ৪ জন আহত হন।

নকিয়াল সেক্টরের প্রশাসন সীমান্ত এলাকার সব বেসরকারি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে; গ্রীষ্মকালীন ছুটির কারণে সরকারি স্কুলগুলো আগে থেকেই বন্ধ আছে।

সোমবারও এই সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিতে ছয় বেসামরিক লোক আহত হন বলে জানিয়েছে ডন ।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের জ্যেষ্ঠ মন্ত্রী চৌধুরী তারিক ফারুক ভারতীয় বাহিনীর এই গোলাবর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাক-ভারত সীমান্তের চলমান পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

ওদিকে বুধবার বেলুচিস্তানের মাসতুং এলাকায় অপর এক ঘটনায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে শিয়া হাজারা জনগোষ্ঠীর অন্তত চারজন নিহত হয়েছেন বলে ডনের অপর এক প্রতিবেদনে জানানো হয়েছে।