২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালীয় সৈকতে বালিকাকে উদ্ধার করতে গিয়ে ২ জনের মৃত্যু

ইতালির এক সৈকতে উত্তাল সাগর থেকে নিজের কন্যাকে উদ্ধার করতে গিয়ে এক ব্রিটিশ পর্যটক ও একই ঘটনায় এক সৈকতকর্মী মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 01:50 PM

Updated : 11 Apr 2022, 11:58 PM

মঙ্গলবার ইতালির দক্ষিণ-পূর্ব উপকূলের ব্রিনদিসির কাছে অস্তুনির বোসকো ভার্দে সৈকতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। 

ইতালীয় সাংবাদিকরা জানিয়েছেন, ওই সৈকতে নিজের দাদার সঙ্গে খেলা করছিলেন ১১ বছরের ওই বালিকাটি, এ সময় তারা সাগরের প্রবল স্রোতের টানে ভেসে যেতে থাকেন।

তখন ওই বালিকার বাবা ও স্থানীয় এক সৈকত কর্মী তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। এ সময় উদ্ধারকারীরা ওই দাদা-নাতনীকে উদ্ধার করতে পারলেও তাদের উদ্ধারে নামা অপর দুজন ঢেউয়ের তোড়ে ডুবে যান।

পরে তাদের জীবিত উদ্ধার করা হলেও উদ্ধারকারীদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই মারা যান। 

সাগরে ভেসে যাওয়া ওই ব্রিটিশ পর্যটকের নাম সরকারিভাবে ঘোষণা করা না হলেও স্থানীয় গণমাধ্যমে তার নাম সিমন আলেসান্দ্রো পিয়াসন এবং বয়স ৪৮ বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘এক ব্রিটিশ পুরুষের মৃত্যুর পর তার পরিবারকে প্রায়োজনীয় সাহায্য-সহযোগিতা দিচ্ছে’।  

স্থানীয় সৈকত কর্মীকে ৪৯ বছর বছর বয়সী মার্টিনো ম্যাগি বলে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত একটি জোরালো বায়ুর কারণে ওই এলাকার সাগরটির কুখ্যাতি আছে। স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রবল স্রোতের কারণে ওই দুজন আর তীরে ফিরতে পারেননি।