আফগানিস্তানে নামতে দেওয়া হল না ভাইস-প্রেসিডেন্ট দোস্তামকে
তুরস্ক থেকে দেশে ফেরার চেষ্টা করা আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশীদ দোস্তামকে বিমান থেকে নামতে দেওয়া হয়নি। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
তার বিমানকে কে বাধা দিয়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির ঘনিষ্ঠ এক কর্মকর্তা বিবিসি কে বলেছেন, দোস্তাম সরকারের সঙ্গে আলোচনা করে ফেরার চেষ্টা করেননি।
এক রাজনৈতিক প্রতিপক্ষকে অপহরণ, মারধর এবং ধর্ষণ করে ঘায়েল করার নির্দেশ দিয়েছেন- এমন দাবির মুখে দোস্তাম গত মে মাসে তুরস্কে যান।
দু’মাসের নির্বাসনের পর সোমবার তিনি দেশে ফেরার চেষ্টা করেন। তিনি ভুল কিছু করার কথা অস্বীকার করেছেন। তার মুখপাত্র বলেছেন, দোস্তাম তার ডাক্তারি পরীক্ষা করানোর জন্য তুরস্কে গিয়েছিলেন।
সোমবার রাতে আফগানিস্তানের বালখ প্রদেশের প্রভাবশালী গভর্নর মাজার-ই শরীফ বিমানবন্দরে দোস্তামের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। তার সঙ্গে ছিল দোস্তামের হাজারেরও বেশি সমর্থক।
কিন্তু দোস্তামকে বহনকারী বিমানটিকে পরে তুর্কেমেনিস্তানের আসগাবাতের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
প্রাথমিক কয়েকটি খবরে এ ঘটনার পেছনে জার্মান বাহিনী জড়িত বলে জানানো হয়েছে। কিন্তু পরে নেটো বিষয়টি অস্বীকার করে বলেছে, এরকম সিদ্ধান্ত নেওয়াটা আফগান কর্তৃপক্ষের ব্যাপার।
আফগান প্রেসিডেন্ট ঘানির ঘনিষ্ঠ কর্মকর্তা বিবিসি কে বলেন, সরকারের সঙ্গে আলোচনা না করে দোস্তামের কাবুলে ফেরার চেষ্টা সন্দেহ সৃষ্টি করেছে।
